News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

নাসিক নির্বাচন : প্যানেল সাজাচ্ছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:৪৬ পিএম নাসিক নির্বাচন : প্যানেল সাজাচ্ছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিলের আগে সম্ভাব্য মেয়র প্রার্থীদের প্রস্তুতি চলমান রয়েছে। ক্ষমতাসীন দলের তিনটি গ্রুপের ইতোমধ্যে সক্রিয়তা দেখা গেছে রমজান ও ঈদ উদযাপন নিয়ে। বিগত আওয়ামীলীগ সরকার আমলের বিজয়ী জনপ্রতিনিধিরকেও জাগিয়ে রাখার চেষ্টা করছেন বিএনপির কোন কোন প্রার্থী।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বর্তমান প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, বিএনপিতে যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদ ও বিএনপির এমপি নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব। এদের ছাড়াও মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল ও জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি আনিসুল ইসলাম সানি।

মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদের পক্ষে ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬. ২০, ২২নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলররা ও প্রত্যাশিত প্রার্থীরা রমজান ও ঈদের সামগ্রী বিতরণ করেছেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর (সাবেক) বিভা হাসানের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত হন মডেল মাসুদ। এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নের পর বিভা হাসানের ভাসুর প্রবীন বিএনপি নেতা আব্দুর মজিদ ও স্বামী হাসান আহম্মেদের বাড়িতে ছুটে যান মাসুদুজ্জামান। তিনি ওই পর থেকে তাদের সক্রিয় দেখা গেলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ প্রচারণা সময়ে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থীর দেখা গেছে মাসুদুজ্জামানের মঞ্চে বিভা হাসানের।

শহর বন্দরে মডেল মাসুদের পক্ষে একাধিক সাবেক ও নবাগত প্রার্থীরা সক্রিয় হতে শুরু করেছে। এদেরকে জনগণের কাছে জনপ্রিয়তা তুলে ধরতে রমজান ও ঈদকে টার্গেট করা হয়েছে। এমনকি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে ঈদ উপলক্ষে সম্মানী দিয়েছেন মডেল মাসুদ। এখনো নাসিক নির্বাচনে মাসুদুজ্জামান প্রার্থী হবেন এমন নিশ্চিত হওয়া যায়নি। বিএনপির এমপি নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব ইফতার বিতরণ ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা সকলেই এমপি নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন হিসেবে পরিচিত। বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক হওয়া সুবাদে মহানগর বিএনপি যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা রয়েছেন আজাদের।

এদিকে ১৭ বছর ধরে অপরিকল্পিত নগরীকে পরিকল্পিত শহর গড়ে তুলতে কাজ শুরু করেছেন বর্তমান প্রশাসক ও মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান। তিনি দায়িত্ব নেয়া পর থেকে পুরো রমজান মাস শহরের অভিশাপ রূপ নেয়া হকার ও যানজট নিয়ে কাজ শুরু করেছেন।

স্থানীয় এমপি আবুল কালামকে নিয়ে একাধিক সভা করেছেন তিনি। জেলা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন ঈদের পর হকার ও যানজট নিরসনে।