News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

লিংক রোডে বর্জ্য অপসারণে ছাত্রশক্তির উদ্যোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:৪২ পিএম লিংক রোডে বর্জ্য অপসারণে ছাত্রশক্তির উদ্যোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ স্টেডিয়ামের সামনের সড়কে রাতের অন্ধকারে বর্জ্য ফেলে যায় একদল অসাধু ব্যক্তি। এভাবে প্রতিনিয়ত বর্জ্য ফেলে দুর্গন্ধপূর্ণ পরিবেশ তৈরী করে রাখা হয়। সেই সাথে ফেলা হয় মৃত পশু। সড়কের সৌন্দর্যহানীর পাশাপাশি পরিবেশ দূষণ হয় মারাত্মকভাবে। এমন পরিস্থিতিতে এই বর্জ্য অপসারণে এগিয়ে আসে জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দরা।

বুধবার দুপুরে ফতুল্লা স্টেডিয়ামের সামনে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ছাত্রশক্তির নেতৃবৃন্দরা। জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক নাজমুল ইসলাম বলেন, ‘ফতুল্লা স্টেডিয়ামের সামনে বর্জ্য ফেলে রেখে পরিবেশ দূষণ করা হচ্ছে। সামনেই পরিবেশ অধিদপ্তর থাকলেও তারা দেখেও না দেখার ভান করে থাকে। এমন অবস্থায় আমরা সদর উপজেলায় যোগাযোগ করি। তবে সদর উপজেলা থেকে জানানো হয় এখানে সিটি করপোরেশনের লোকজন ময়লা ফেলে। তাদের মাধ্যমে যেন পরিস্কার করানো হয়। সিটি করপোরেশনে যোগাযোগ করলে তারা জানায়, সিটি করপোরেশন এই কাজের সাথে জড়িত না। এমন অবস্থায় আমরা নিজেরাই বর্জ্য অপসারনের কাজ শুরু করি। অপচনশীল বর্জ্য পুড়িয়ে দেয়া হয় এবং পচনশীল বর্জ্য মাটিতে পুতে ফেলা সহ সরিয়ে দেয়া হয়। পরবর্তীতে সদর উপজেলা থেকে পরিচ্ছন্ন কর্মী এসে আমাদের সহযোগীতা করে।’

এদিকে ছাত্রশক্তির এমন উদ্যোগে প্রশংসা ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নতুন ছাত্র সংগঠনের এমন জনবান্ধব উদ্যোগ এবং সমস্যা সমাধানে এগিয়ে আসার কাজ দেখে প্রশংসা করেছেন অনেকেই। সেই সাথে সরকারি দলের ছাত্র সংগঠনের অনেক কিছু শেখার আছে বলেও মন্তব্য করেন অনেকে। কেবল নেতাদের পেছনে না দৌড়ে মানুষের সাথে সম্পর্ক তৈরী করতে এই ধরনের কাজ বেশী ভুমিকা রাখতে সক্ষম বলে মন্তব্য করেন তারা।’

এদিকে ছাত্রশক্তির এমন উদ্যোগের পর বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে কুতুবপুর ইউনিয়ন পরিষদের। বৃহস্পতিবার ফতুল্লা স্টেডিয়ামের সামনের সড়ক পরিচ্ছন্ন রাখতে কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে পরিচ্ছন্ন কর্মী পাঠানো হয় এবং এই স্থান পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি দেয়া হয়। সেই সাথে এখানে যেন ফের পরিবেশ দূষণ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন বলে প্রতিশ্রুতি দেয় কুতুবপুর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্র রাজনীতি বরাবরই কল্যানমুখী ধারায় চললে তা জনপ্রিয়তা লাভ করে। সেই পথেই হাটার সিদ্ধান্ত ছাত্রশক্তির জন্য নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। বিগত দিনে ছাত্র রাজনীতি কলুষিত হয়েছে কেবল ক্ষমতার পেছনে ঘোরা আর ক্ষমতার অপব্যবহার করার কারনে। সেদিক থেকে বেরিয়ে ছাত্রদের স্বার্থে কাজ করা এবং মানুষের স্বার্থে কাজ করতে পারলে তা অচিরেই অন্যান্য ছাত্রদের কাছেও জনপ্রিয় হয়ে উঠবে।