বন্দরে অভাবের তাড়নায় একদিনের নবজাতক কন্যা সন্তানকে প্লাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যার চেষ্টা করেন তারই মা-বাবা। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের বন্দরের বক্তারকান্দি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয়রা ঘটনাটি আঁচ করতে পেরে ওই নবজাতককে উদ্ধার এবং বাবা-মাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরে পুলিশ ও সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তার মধ্যস্থতায় ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী বক্তারকান্দী এলাকার আমজাদ হোসেনের ছেলে সুলতান মাহমুদ ওরফে আপন দম্পতির ঘরে নিরাপদ আশ্রয় হয়েছে উদ্ধার ওই নবজাতকের। এ দিকে বাড়ির মালিক মোজাম্মেল হক নবজাতকের মা বাবাকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
শুক্রবার বক্তারকান্দীর ভাড়া বাসায় গিয়ে আবদুল হক দম্পতিকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, তারা গ্রামের বাড়ি চলে গেছে। তারা আরও জানান, নবজাতকের বাবা আব্দুল হক একজন শারীরিক প্রতিবন্ধী। চরম দারিদ্র্যের কারণেই তারা এই অমানবিক পথ বেছে নিয়েছিলেন বলে ধারণা করছেন এলাকাবাসী।
তবে তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মানুষের বিবেক কতটা নিচে নামলে নিজের নাড়িছেঁড়া ধনকে কেউ এভাবে নদীতে ফেলে মারার চেষ্টা করতে পারে? এমন অমানবিক কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বাড়ির মালিক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আবদুল হক তার বাসা ছেড়ে দিয়েছেন। তারা সপরিবারে রংপুর চলে গেছেন।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে উদ্ধারকৃত নবজাতকের শারীরিক সুস্থতা নিশ্চিত করা হয়েছে। সুলতান মাহমুদ ওরফে আপন নামের এক ব্যক্তি শিশুটিকে দত্তক নিয়েছেন। আটক দম্পতিকে থানায় নিয়ে আসা হলে পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।







































আপনার মতামত লিখুন :