নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শুরুতেই আশা জাগানিয়া পথ দেখাচ্ছেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি একনিষ্টভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করে সহযোগিতামূলক সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছেন। হতাশাকে পেছনে ফেলে নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি ইতিবাচক যাত্রাপথে তিনি হাঁটছেন। তবে এরই মধ্যে এক কমিটি দিয়ে তিনি যেন বিপাকে পড়ে যাচ্ছেন। তার এই কমিটি বিতর্কের জন্ম দিচ্ছে। ইতোমধ্যে এই কমিটির বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছে একটি পক্ষ যা সাখাওয়াত হোসেনের জন্য প্রথম ধাক্কা। তাকে বিব্রবতর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮ নং ওয়ার্ডে প্রশাসক সহায়তা কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুর কুতুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটিতে মো. সাগর প্রধানকে সভাপতি করা হয়েছে। সেই সাথে সদস্য পদে রয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মঞ্জুর আলম মুসা ও মো. নুরুজ্জামান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সিটি কর্পোরেশনের (নাসিক) ৮ নং ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা, বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, নাগরিক সনদপত্র প্রদান ও ওয়ার্ড পর্যায়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করবেন কমিটির সদস্যরা। সেই সাথে সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে রিপোর্ট পেশ করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
একইভাবে অন্যান্য ওয়ার্ডগুলোতেও কমিটি গঠনের প্রক্রিয়া রয়েছে বলে জানা গেছে। তবে ৮ নং ওয়ার্ডের এক কমিটিই তাকে বিতর্কের মুখে ফেলে দিচ্ছে। কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন মহলে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ৮ নং ওয়ার্ডের বিভিন্ন মহল এই কমিটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে কাউন্সিলর কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাউন্সিলর ও ওয়ার্ড সচিবের কার্যালয় অবরোধ করে কমিটি বাতিলের দাবিতে এই বিক্ষোভ করা হয়।
বিক্ষোভকারীদের মধ্যে মহানগর যুবদল নেতা আশিকুর রহমান অনি বলেন, রাজনৈতিক ব্যক্তিদের কমিটিতে রাখার কোনো কথা ছিল না। কথা ছিল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কমিটিতে রাখা হবে। অন্যদিকে সাগর প্রধান ও তার সমর্থকরা এলাকায় প্রচারণা চালাচ্ছে যে, তিনি ভারপ্রাপ্ত কাউন্সিলর এবং কাউন্সিলর কার্যালয় উদ্বোধন করবেন। তিনি তো কাউন্সিলর নন; কাউন্সিলর একজন জনপ্রতিনিধি এবং অনেক দায়িত্ব পালন করেন। পক্ষান্তরে এই কমিটির কাজ সীমিত।
তিনি আরও বলেন, কমিটির জন্য অনেক প্রার্থী ছিল, কিন্তু কাউকে কিছু না জানিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা শুনেছিলাম, নাসিক প্রশাসক আসবেন। তাই স্থানীয় এলাকাবাসীসহ ছাত্রদল ও যুবদলের অনেকেই সেখানে গিয়ে বিক্ষোভ করি।
এর আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। যিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত হয়ে বেশ দক্ষতার সাথে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
































আপনার মতামত লিখুন :