নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে হাম ও ডেঙ্গু জ্বর প্রতিরোধে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে বৃহত্তর মাসদাইর বেকারি মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মোমিন।
কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও মেম্বার পদপ্রার্থী মো. রিদওয়ানুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডক্টরস ফোরামের মহানগর নেতা ডা. নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মোমিন বলেন, বর্তমানে দেশে হাম ও ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, বিতরণকৃত হোমিওপ্যাথিক ওষুধ সুস্থ ব্যক্তিরা প্রতিরোধমূলকভাবে গ্রহণ করতে পারবেন এবং আক্রান্ত ব্যক্তিরাও এটি সেবন করতে পারবেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রতিটি প্যাকেটে ডোজ ও সেবনবিধি উল্লেখ করা হয়েছে বলেও তিনি জানান।
বক্তব্যে তিনি এলাকার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি একটি মাদক, কিশোর গ্যাং এবং জলাবদ্ধতামুক্ত মডেল ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় সাধারণ মানুষ ও সুবিধাভোগীদের মাঝে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হয়।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর ও বৈজ্ঞানিকভাবে স্বীকৃত উপায় হলো টিকাদান কর্মসূচি। অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।








































আপনার মতামত লিখুন :