News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২

৫ টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের জামা উপহার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৯:৫৭ পিএম ৫ টাকায় সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের জামা উপহার

নারায়ণগঞ্জে ঈদ উল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ঈদ উপলক্ষে নতুন জামা উপহার দিয়েছেন করোনাযোদ্ধা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। পাঁচ টাকার নামমাত্র মূল্যে শিশুদের মাঝে এই জামা বিতরণ করা হয়। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় খোরশেদের কার্যালয়ে টিম খোরশেদ ও ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

বিগত ২৩ বছর ধরেই ১৩ নং ওয়ার্ডে সুবিধাবঞ্চিত ও দুস্থ পরিবারের শিশুদের মাঝে নামমাত্র মূল্যে কখনও বিনামূল্যে ঈদের উপহার দিয়ে আসছেন বিএনপি নেতা খোরশেদ। সেই ধারাবাহিকতায় এবছরও দুস্থ ও গরীব শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

ঈদে নতুন জামা পেয়ে আনন্দিত শিশুরাও। বাচ্চারা ঈদের পোশাক পাওয়ায় খুশি তাদের সাথে আসা অভিভাবকরাও।

ঈদে নতুন জামা নিতে আসা ৫ বছরের শিশু মিশুর মা রহিমা বেগম জানান, আমরা গরীব মানুষ। ঈদের দিন একটু ভালমন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়। ঈদের কেনাকাটা করবো কোথা থেকে। বাচ্চারা ঈদ আসলে নতুন কাপড়ের বায়না ধরে, দিতে পারি না। তাই এখানে ছেলেটার জন্য একটা নতুন জামা নিতে এসেছি। আমাদের তারেক রহমান ও খোরশেদ ভাইকে মন থেকে ধন্যবাদ জানাই। 

ঈদের নতুন জামা পেয়ে আনন্দিত ৬ বছরের শিশু মীম বলেন, পাঁচ টাকা দিয়ে জামা কিনেছি। ঈদের নতুন জামা পেয়েছি, ঈদের দিন এটা পড়বো।

বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বিএনপির রাজনীতি সবসময় সাধারণ মানুষের জন্য। অসহায় ও দুস্থদের জন্য বিএনপি রাজনীতি করে। আমাদের নেতা ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। সেই বোধ থেকেই আমাদের আজকের এই আয়োজন। 

তিনি আরো বলেন, আমরা চাই সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। আমরা চাই ঈদের আনন্দ থেকে কোন শিশু যেন বঞ্চিত না হয়। আমরা এসকল সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই। যাদের সামর্থ্য নেই তারাও যেন নতুন জামা পরে ঈদ করতে পারে। তাই আমাদের এই ক্ষদ্র চেষ্টা।

তিন আরো বলেন, আমরা ৫ টাকা তাদের কাছ থেকে নেই কারণ তারা যেন মনে না করেন তাদের কেউ দান করেছে। তারা সকলে বলবে আমরা ঈদের নতুন জামা কিনেছি। তাদের খুশিতে আমাদের ঈদ হয়ে যায়। তাদের কাছ থেকে নেয়া এই ৫ টাকা পরে আবার তাদেরকে চকলেট কিনে দেয়া হয়।