News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

রাকিবের পদচারণায় সরব শহরের রাজনীতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:৫৮ পিএম রাকিবের পদচারণায় সরব শহরের রাজনীতি

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিবের পদচারণায় সরব হয়ে উঠেছে নারায়ণগঞ্জ শহরের রাজনীতি। যিনি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই। এই রাকিবুল ইসলাম রাকিব সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ শহর কেন্দ্রিক সকল কর্মূসূচিতেই সরব জানান দিয়ে আসছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডেই তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তার এই পদচারণা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনকে সামনে রেখে প্রার্থীতার বিষয়টিই জানান দিচ্ছে। যদিও রাকিবুল ইসলাম রাকিব  এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছেন না। তবে তার কার্যক্রমে এমনটাই ধরে নিচ্ছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। সেই সাথে তার সাথে নারায়ণগঞ্জ বিএনপির সিনিয়র নেতাদেরও দেখা মিলছে।

এরই মধ্যে মহান স্বাধীনতা দিবসে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে দুঃস্থ ও অসহায় মানুষকে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত ২৬ মার্চ দুপুরে শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণ এ ক্যাম্পের আয়োজন করা হয়।

এ বিষয়ে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে, যা তাদের জন্য একটি বড় সহায়তা। ‎‎নারায়ণগঞ্জ শহর ও বন্দরে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে বিপুল সংখ্যক দুঃস্থ ও অসহায় মানুষ ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করছেন।

‎‎এসময় তার সাথে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক, সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে গত বুধবার বিকেল ৫ টা ১৮ মিনিটে লগ্ন শুরু হয়ে শেষ হয়ে শেষ হয় বৃহস্পতিবার বিকেল ৩ টা পর্যন্ত নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে প্রতিবছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের পুণ্য স্নানোৎসব ‘পাপমুক্তির’ মহাস্নান। আর এই উৎসবকে ঘিরে দেশ-বিদেশ থেকে আগত লাখো পুণ্যার্থীর পদচারণে মুখরিত হয়েছিলো লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকা। এই উৎসবেও বিভিন্ন সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে মাধ্যমে জানান দিয়েছেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব।

তার আগে রাকিবুল ইসলাম নিজের বাবার নামে গঠন করা মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের ব্যানারে অসহায় পথশিশুদের ইফতার আয়োজন করে নারায়ণগঞ্জ শহরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম তো বটেই স্থানীয় বিএনপির রাজনীতিতেও তিনি আলোচনায়। গত ৮ মার্চ বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিন তাঁর আহবানে ইফতারে হাজির হন জেলা ও মহানগর বিএনপির একঝাঁক শীর্ষ নেতা। তরুণ এ নেতার ডাকে তাঁরা বেশ সরবভাবেই সাড়া দিয়েছেন। এ পরিস্থিতিতে বিএনপির রজনীতিতে দেখা দিয়েছে নতুন মেরুকরণ। 

সেদিনের ইফতারে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর ও ছাত্রদল নেতা রাহিদ শিকদার প্রমুখ। যাদের মধ্যে অনেকেই মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।

একই সাথে এদিন বিএনপি ও এর সহযোগি সংগঠনের বিভিন্নস্তরের বিপুল পরিমাণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য দিতে গিয়ে রাকিব বলেছিলেন, আমি নারায়ণগঞ্জের সন্তান। নারায়ণগঞ্জবাসীর পাশে সব সময়ে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। মানুষের সেবার কাজে জড়িয়ে থাকতে চাই। বক্তব্যে সিটি করপোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডকেও গুরুত্ব দেন রাকিব। তিনি বলেন, সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে আমাদের সহযোগিতার হাত আরো বেশী করে প্রসারিত করতে চাই। যে কোন অভাবগ্রস্ত কিংবা অসহায় থাকলে আমরা তাদের পাশে থাকবো।

তিনি আড়াইহাজারের বাসিন্দা কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হঠাৎ করেই তার নাম নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা। তবে রাকিব আড়াইহাজারের হলেও গত কয়েক বছর ধরে সিটি করপোরেশন এলাকাতে রয়েছে তার নানা প্রভাব। সেটাও একটু ভিন্ন আঙ্গিকে। এখানকার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য সহযোগি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে রাকিবের সুসম্পর্ক। আওয়ামী লীগ আমলে এসব নেতাদের যে কোন বিপদে ছায়াসঙ্গী হয়ে কাজ করেছেন রাকিব। এছাড়া শহরের একাধিক স্থানে রয়েছে বসত বাড়ি।

জানা যায়, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো আওয়ামী লীগ। আর এই ক্ষমতায় থাকাবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন নীপিড়নের শিকার হয়েছেন। দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর বিএনপির নেতাকর্মীদেরকে পরিবার পরিজন ছেড়ে দিন যাপন করতে হচ্ছে। সেই সাথে তারা আন্দোলন সংগ্রামেও অংশ নিতে পারতেন না। ব্যবসা বাণিজ্যেও নানাভাবেই বাধার শিকার হয়েছেন। সব মিলিয়ে তাদের যেন স্বাভাবিক জীবন যাপন ছিলো না।

এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের মধ্যে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলাপ আলোচনা শুরু হয়। সেই সাথে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দ্বীতার আশা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রতিদ্বন্দ্বীতা করা হয়ে উঠেনি। ফলে এবার সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে তারা আলোচনায় রয়েছেন।

সেই আলোচনায় নতুন করে জায়গা করে নিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব। সেই সাথে তিনি একের পর এক কর্মসূচির মধ্য দিয়ে নিজের অবস্থান জানান দিয়ে আসছেন।