News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

অভিযানের পরও ফুটপাতে জ্বলছে বিদ্যুৎ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:১৯ পিএম অভিযানের পরও ফুটপাতে জ্বলছে বিদ্যুৎ

সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭ টার মধ্যে নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ মার্কেট বন্ধ হয়ে গেলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে শহরের ফুটপাতে। মার্কেটের আলো নিভে যাওয়ার পরও দখলকৃত ফুটপাতে আলোকসজ্জা করে হকারদের জমজমাট বেচাকেনা চলছে রাতভর। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। পাশাপাশি বৈধ ব্যবসায়ীদের মধ্যেও ক্ষোভ বাড়ছে দিন দিন।

ব্যবসায়ীদের অভিযোগ, তারা নিয়ম মেনে নির্ধারিত সময়ে দোকান বন্ধ করছেন এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করছেন। অথচ ফুটপাত দখল করে বসা হকাররা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে একদিকে যেমন বৈষম্য তৈরি হচ্ছে, অন্যদিকে সরকার ঘোষিত নীতিমালাও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছেন তারা।

এর আগে শহরকে হকারমুক্ত রাখতে প্রশাসনের উদ্যোগে ২ এপ্রিল চাষাঢ়া থেকে পুরাতন কোর্ট পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। ওই অভিযানে ডিপিডিসির নারায়ণগঞ্জ পূর্ব ও পশ্চিম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে শত শত অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং কিছু মালামাল জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় তিন শতাধিক সংযোগ কেটে দেওয়া হয়, যার অনেকগুলোই প্রধান লাইনের সাথে সরাসরি যুক্ত ছিল যা দেখে বিস্মিত হন কর্মকর্তারাও।

অভিযান সংশ্লিষ্টরা জানান, সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয় এবং লক্ষ্য ছিল পুরো এলাকাকে অবৈধ বিদ্যুৎ সংযোগমুক্ত করা। তাদের মতে, এ ধরনের অভিযান নিয়মিত চালানো গেলে ফুটপাতে রাতের বেলায় হকার বসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

তবে অভিযানের পরদিনই আবার ফুটপাতে আলো জ্বলে ওঠায় নতুন করে প্রশ্ন উঠেছে কিভাবে এত দ্রুত আবার সংযোগ ফিরে পেলো হকাররা? বিষয়টি নিয়ে নগরবাসী ও ব্যবসায়ী মহলে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই মনে করছেন, অভিযানের ধারাবাহিকতা না থাকায় এবং নজরদারির ঘাটতির সুযোগেই আবারও সক্রিয় হয়ে উঠেছে অবৈধ সংযোগদাতারা।

নগরবাসীর দাবি, আইনের প্রয়োগে বৈষম্য দূর করতে হবে। বৈধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বিদ্যুৎ সংকট মোকাবেলায় ফুটপাতের এসব অবৈধ সংযোগ কঠোরভাবে বন্ধ করা জরুরি। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা দীর্ঘস্থায়ী হবে বলেও আশঙ্কা করছেন তারা।

বিশ্লেষকদের মতে, কেবল অভিযান চালালেই সমস্যার সমাধান হবে না; প্রয়োজন সমন্বিত পদক্ষেপ, নিয়মিত মনিটরিং এবং জবাবদিহিতা নিশ্চিত করা। অন্যথায়, নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো কঠিন হয়ে পড়বে।