News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

ঝুট ব্যবসার দ্বন্দ্ব তাঁতী দল সভাপতির মাথায় ১৮ সেলাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০২:৪৬ পিএম ঝুট ব্যবসার দ্বন্দ্ব তাঁতী দল সভাপতির মাথায় ১৮ সেলাই

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮নং ওয়ার্ড ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু-গ্রুপের মধ্যে মারামারি সংগঠিত হয়েছে। এতে অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ওয়ার্ডটির শান্তিনগর ক্যানেল পাড় বালুর মাঠে এ ঘটনা ঘটেছে।

আহরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি দলের সভাপতি মো. তাইজুল ইসলামের, অপর গ্রুপের মো. জামান (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাবেক সদস্য মো. শামসুদ্দীন শেখ এবং সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি দলের সভাপতি মো. তাইজুল ইসলামের সমর্থকদের এই সংঘর্ষ হয়। মূলত ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে বিএনপি নেতা শামসুদ্দিন শেখের সমর্থকরা তাঁতি দল নেতা তাইজুল ইসলামকে  চায়ের কেটলি দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে গিয়ে তিন গুরুতর আহত হন।

সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি তাইজুল ইসলাম বলেন, আমি ছোটখাটো একটা কারখানায় ব্যবসা করি সেটা আমাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু আমি তাদের কথায় অস্বীকৃতি জানানোয় আমার উপর সাইফুল হামলা করেছে। মূলত শামসুদ্দীন শেখের ইন্ধনেই এ হামলা করা হয়। আমার মাথায় ১৮ টা সিলি পড়েছে এবং হাত পুড়ে গেছে। আমি মামলা করেছি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য শামসুদ্দীন শেখ জানান, মারামারি করা উভয়েই আমার সঙ্গে রাজনীতি করেন। এবং যারা মারামারি করেছে তারা একে-অপরের আত্মীয় স্বজন। মারামারি সময় আমি ছিলাম না। তবে কোনো একটা পক্ষে ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে যাচ্ছে। যারা আগে থেকেই ব্যবসা করে যাচ্ছিলো। এ ঘটনায় আমার নাম আসার তো প্রশ্ন আসেনা।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, সংঘর্ষে জড়ানোদের রাজনৈতিক পরিচয় জানা নেই। তবে একজনের মাথায় চায়ের কেটলি দ্বারা আঘাত করা হয়েছে। এবং বাকি আহতরা গরম পানি পড়ে আহত হয়েছেন। অভিযোগ দায়ের হয়েছে আমরা তদন্ত করছি।