ঈদুল আজহাকে সামনে রেখে চাষাঢ়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ কমাতে মাঠে কাজ করছে বিকেএমইএ, চেম্বার ও মডেল গ্রুপের নিয়োগকৃত স্বেচ্ছাসেবীরা। তাদের কার্যক্রম সরেজমিনে মনিটরিং করেছেন বিকেএমইএ’র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল।
বৃহস্পতিবার চাষাঢ়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন তিনি। এসময় স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ঈদকে কেন্দ্র করে শহরে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিকেএমইএ, চেম্বার ও মডেল গ্রুপের উদ্যোগে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো শুধু শিল্প ও বাণিজ্য নিয়েই কাজ করে না, সামাজিক দায়িত্ববোধ থেকেও নগরবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করে। স্বেচ্ছাসেবকদের এই উদ্যোগ নগরবাসীর দুর্ভোগ কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক সোহেল আক্তার সোহান ও আহমেদুর রহমান তনু উপস্থিত ছিলেন।





































আপনার মতামত লিখুন :