News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

সড়ক ঝাড়ু, উল্টো পথে ট্রাক দৌড়ে আটকালেন সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৯:৪৬ পিএম সড়ক ঝাড়ু, উল্টো পথে ট্রাক দৌড়ে আটকালেন সাখাওয়াত

রং সাইডে আসা ইটবোঝাই একটি ট্রাকে দৌড়ে আটকালেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। পরে ট্রাকটিকে পেছনের দিকে নিয়ে সঠিক সাইডে আনেন তিনি। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় প্রধানমন্ত্রীর অনুশাসন প্রতিপালনের লক্ষ্যে নাসিকের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কর্মসূচীর উদ্বোধনী বক্তব্য রাখছিলেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি দেখতে পান বিজয়স্তম্ভের সামনে একটি ইটবোঝাই ট্রাক উল্টো সাইড দিয়ে যাচ্ছেন। তখন বক্তব্য শেষ না করেই দৌড় দেন অ্যাডভোকেট সাখাওয়াত। এসময় তার পিছন পিছন দৌড় দেন নাসিকের সেচ্ছাসেবক টিমের লোকজনও। পরে ট্রাকটিকে আটক করে সেটিকে আবারো সঠিক লেনে নিয়ে আসা হয়।

পরে শহীদ মিনারের সামনে সড়কের পাশে নিজ হাতে ঝাড়ু দিয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু করেন নাসিকের প্রশাসক।

এ সময় সাখাওয়াত নগরবাসীর উদ্যোগে বলেন, আমাদের সিটি কর্পোরেশনের একার পক্ষে নগরীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে না যদি না আপনারা সচেতন হোন। যদি আপনারা সবাই মিলে সহযোগিতা করেন আমরা একটি বাস যোগ্য নগরী গড়তে চাই। এই নগরীকে সবুজায়নের পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আপনারা সহযোগিতা ছাড়া আমাদের এই পরিশ্রম সফল হবেনা। নগরীকে পরিচ্ছন্ন রাখতে পারলে মানুষের রোগব্যাধিও কম হবে। নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পারবেন।

এসময় নাসিকের সাবেক কাউন্সিলর শওকত হাশেম, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহমেদ, সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।