News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

সোনারগাঁয়ে ‘প্রিন্সিপাল ১০০’ শপিংমলে ব্যবসায়ীদের মতবিনিময় সভা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৬:৩২ পিএম সোনারগাঁয়ে ‘প্রিন্সিপাল ১০০’ শপিংমলে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত জনপ্রিয় ‘প্রিন্সিপাল ১০০’ শপিংমলের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে শপিংমলের নিজস্ব হলরুমে আয়োজিত এই সভায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের ব্যবসার পরিবেশ, নিরাপত্তা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ১০০ শপিং ডেভেলপমেন্টের ব্যবস্থাপক ড. একে এম ফজলুল হক।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মোগরাপাড়া চৌরাস্তা সোনারগাঁয়ের অর্থনীতির প্রাণকেন্দ্র। আপনারা যারা এখানে ব্যবসা করছেন, তারা কেবল পণ্য বিক্রি করছেন না, বরং এলাকার অর্থনৈতিক চাকা সচল রেখেছেন। ‘প্রিন্সিপাল ১০০’ শপিংমলটি আজ যেভাবে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে, তার মূল কারিগর আপনারাই। আপনাদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমি সবসময় পাশে থাকব। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব শপিংমল হিসেবে এটিকে আরও আধুনিকায়ন করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে নানা সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়। ব্যবসায়ী ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হাবিব বলেন, আমরা ব্যবসায়ীরা একটি পরিবারের মতো। আমাদের শপিংমলটিকে আরও আকর্ষণীয় ও নিরাপদ করতে মালিক ও ব্যবসায়ী সমিতির মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।

শামীম রেজা তার বক্তব্যে বলেন, ক্রেতাদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট। আজকের এই মতবিনিময় সভার মাধ্যমে আমরা আশা করছি, আমাদের শপিংমলের ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল হবে।

মোহাম্মদ আলী ও শাহিন মিয়া তাদের বক্তব্যে শপিংমলের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এখানে আরও বেশি ক্রেতার সমাগম বাড়বে, যা আমাদের সবার ব্যবসাকে আরও লাভজনক করবে।

এছাড়াও সভায় এনামুল হক, নুরুল আমিন ও শিবলী নোমান সরকারসহ মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ব্যবসায়ীদের নিরাপত্তা ও শপিংমলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্তৃপক্ষ বদ্ধপরিকর বলে আশ্বস্ত করেন। সভায় মালিক সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শেষ পর্যায়ে উপস্থিত ব্যবসায়ী ও মালিক সমিতির নেতৃবৃন্দ শপিংমলের মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, নিয়মিত আলোচনার মাধ্যমে ব্যবসায়িক অনেক জটিল সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব, যা সামগ্রিক ব্যবসায়িক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।