News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

সস্তাপুরে আগুনে ঝুটের গুদামসহ ৪ দোকান পুড়ে ছাই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৭:৩৫ পিএম সস্তাপুরে আগুনে ঝুটের গুদামসহ ৪ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে গার্মেন্টস ওয়েস্টেজ ঝুটের গুদামসহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ জুলাই) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে দক্ষিণ সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে পেছনে আরেকটি ঝুটের গুদাম, একটি স-মিল ও একটি চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আশপাশের বাসিন্দারা আতংকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে শিবু মার্কেট ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় একঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ততক্ষণে দুটি ঝুটের গুদামের বিপুল পরিমাণ ঝুট, স মিলের কাঠ ও আসবাবপত্র এবং একটি চায়ের দোকান পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিরূপণ করা হবে।