পবিত্র ঈদুল ফিতর আসার আগেই শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব ভাতা (বোনাস) পরিশোধের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের তারাবো এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
হাফেজ আব্দুল মোমিন বলেন, ‘শ্রমিকেরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে। অথচ ঈদের আনন্দ থেকে তাদের বঞ্চিত রাখা অমানবিক। আমরা দাবি জানাচ্ছি, কোনো অজুহাত না দেখিয়ে ঈদের ছুটির আগেই মালিকপক্ষকে শ্রমিকদের ঘাম ঝরানো বেতন এবং ঈদ বোনাস বুঝিয়ে দিতে হবে। শ্রমিকদের পেটে ক্ষুধা রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
তারাবো পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল আজিম এবং অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। ঈদের আগে বেতন-বোনাস না পেলে তাদের পরিবারে অন্ধকার নেমে আসবে। তাই প্রশাসন ও মালিকপক্ষকে সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারাবো পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য রুহুল আমিন। সভায় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।







































আপনার মতামত লিখুন :