News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ড্রেনেজ সংকটে গোগনগরের পূর্ব মসিনাবন্দবাসী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৯:৫০ পিএম ড্রেনেজ সংকটে গোগনগরের পূর্ব মসিনাবন্দবাসী

নারায়ণগঞ্জ-৪ আসনের গোগনগর ইউনিয়নের পূর্ব মসিনাবন্দ এলাকায় কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। দ্রুত নগরায়ন ও নতুন নতুন বসতবাড়ি নির্মিত হলেও পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় মূল সড়কসহ আবাসিক এলাকাগুলোতে জলাবদ্ধতা ও নোংরা পানির বিস্তার ঘটছে।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, পূর্ব মসিনাবন্দ এলাকায় গত কয়েক বছরে ব্যাপক হারে নতুন নতুন বাড়িঘর নির্মিত হয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে এলাকাটি একটি জনবহুল জনপদে পরিণত হলেও এখানে পরিকল্পিত কোনো ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। মূল সড়কে ড্রেন না থাকায় গৃহস্থালির ব্যবহৃত ময়লা পানি ও বৃষ্টির পানি নামার কোনো জায়গা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায় এবং স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, পানি নিষ্কাশনের পথ না থাকায় পঁচা ও দুর্গন্ধযুক্ত পানি দীর্ঘ সময় আটকে থাকে। এতে মশার উপদ্রব বৃদ্ধির পাশাপাশি এলাকায় নানা পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং বয়স্কদের এই নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় ড্রেনের পানি উপচে মানুষের ঘরের আঙিনায় ঢুকে পড়ে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।

এলাকাবাসীর দাবি, ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন যেন এই জনগুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করেন। স্থানীয় একজন বাসিন্দা বলেন, আমরা নতুন নতুন বাড়ি করছি ঠিকই, কিন্তু ড্রেন না থাকায় আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা আশা করি, আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য দ্রুত পূর্ব মসিনাবন্দ এলাকায় একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা করার নির্দেশ দেবেন।

গোগনগর ইউনিয়নের এই অবহেলিত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও কার্যকরী পদক্ষেপই এখন পূর্ব মসিনাবন্দবাসীর একমাত্র প্রত্যাশা।