নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়নাধীন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা প্রধানমন্ত্রীর এ পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, বৃক্ষ মাটিক্ষয় রোধ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও কার্যকর ভূমিকা রাখে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৮০ দিনের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১০ হাজার গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ লক্ষ্য বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও এলজিইডি সমন্বিতভাবে কাজ করছে।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, সড়কের পাশ এবং অন্যান্য উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।
অনুষ্ঠানের শেষে সকলকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।





































আপনার মতামত লিখুন :