নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব দেলপাড়ায় অবস্থিত সিটি পেপার অ্যান্ড বোর্ড মিলে
জাহাঙ্গীর হোসেন (২৫) নামের শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার দেলপাড়াস্থ সিটি পেপার অ্যান্ড বোর্ড মিল নামক কারখানায়।
নিহত জাহাঙ্গীর হোসেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় এলাকার মো. কাসিম উদ্দীনের ছেলে।
তিনি পূর্ব দেলপাড়ায় লিয়াকত আলীর বাসায় স্ত্রী ও এক সন্তান সহ ভাড়া থাকতেন এবং দীর্ঘ আট বছর ধরে ওই প্রতিষ্ঠানে ডায়ার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ৫ জুলাই রাত ৮টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নিহত জাহাঙ্গীর হোসেনে ডিউটি ছিল। রাত আনুমানিক সাড়ে ১২ টায় কাজ করার সময় পেপার ছিঁড়ে যাওয়ায় মেশিন বন্ধ হয়ে যায়। এরপর তিনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে মেশিন পরীক্ষা করতে গেলে অসাবধানতাবশত মেশিনের ওপর থেকে মেঝেতে পরে গিয়ে হাতে,কাধে ও মাথায় গুরুতর আঘাত পান।
সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেতার বার্তা পাওয়ার পর ফতুল্লা মডেল থানার এসআই (নিরস্ত্র) আশীষ কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে ঘটনাটি অসাবধানতাজনিত দুর্ঘটনা বলে প্রতীয়মান হয়েছে বলে ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা জানান।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আইনি পক্রিয়াধিন রয়েছে বলে তিনি জানান।



































আপনার মতামত লিখুন :