সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লায় জন্মগত হার্ট ও লিভার সংক্রান্ত জটিলতায় আক্রান্ত শিশু আদিয়াতকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের সূত্র ধরে অসুস্থ শিশু আদিয়াতের পাশে দাড়িয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অসুস্থ আদিয়াতের চিকিৎসার জন্য এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লাখ টাকা প্রদান করেন। একই সাথে উপজেলা প্রশাসন থেকে আরও ১ লাখ টাকা সরকারিভাবে সহায়তা করার যাবতীয় উদ্যোগ হাতে নিয়েছেন তিনি।
সোমবার সোনারগাঁ পৌর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান শেষে অসুস্থ শিশুর পিতা হযরত আলীর হাতে আর্থিক অনুদান তুলে দেন এমপি আজহারুল ইসলাম মান্নান। এসময় পাশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ বিভিন্ন কর্মকর্তারা।
এমপি মান্নান বলেন, আমি সংবাদটি দেখে খোজ খবর নিতে শুরু করি। এরপর ইউএনওকে বলেছি তাকে সহযোগিতা করার জন্য। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থাতেও মানুষকে সহযোগীতা করেছি। আমি সোনারগায়ের মানুষের জন্য যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করবো।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, এটা একটি মানবিক বিষয়। এমপি মহোদয় এবং ডিবিসি নিউজের মাধ্যমে অসুস্থতার খবরটি জানতে পারলাম। শিশুটির চিকিৎসার জন্য ৪ লাখ টাকা প্রয়োজন। আমরা চেষ্টা করবো চিকিৎসা ব্যয়ের অধিকাংশটাই যেন আমরা বহন করতে পারি।
বিএনপি নেতা সেলিম বলেন, শিশুটির বাবা সোনারগাঁয়ের আনন্দবাজার এলাকার বাসিন্দা। সংবাদ প্রকাশের পর এমপি পুত্র ও সাবেক যুবদল নেতা পুত্র খাইরুল ইসলাম সজীব তার বাবাকে বিষয়টি অবগত করেন এবং আমাকে শিশুর পরিবারের খোঁজ নেয়ার নির্দেশনা দেন। তার খোঁজ খবর নিয়ে অবশেষে এমপির ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি উপজেলা থেকে সরকারি ভাবে আরও ১ লাখ টাকা দেয়ার জন্য উদ্যোগ হাতে নেয়া হয়েছে। শিশুটির যেকোন সমস্যায় পাশে থাকবে এমপি মান্নান।
আর্থিক অনুদান পেয়ে গণমাধ্যমকর্মীদের এবং সংসদ সদস্যকে ধন্যবাদ জানান আদিয়াতের পিতা হযরত আলী। একই সাথে তিনি তার সন্তানের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।







































আপনার মতামত লিখুন :