নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, প্রাথমিক শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিলে নারায়ণগঞ্জ থেকেও এসপি, ডিসি কিংবা সরকারের গুরুত্বপূর্ণ পদে দেশের প্রতিনিধিত্ব করা সম্ভব। বর্তমান সময়ে গ্রাম এলাকা থেকে পড়াশোনা করে অনেকেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবসহ উচ্চপদস্থ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাই ভবিষ্যৎ প্রজন্মের শক্ত ভিত গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ের কোনো বিকল্প নেই।
শনিবার (২২ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোনারগাঁ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন ও ঝরে পড়া রোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
শিক্ষকদের উদ্দেশ্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি এবার আপনাদের থেকে শিক্ষার মান কেমন হয় তা সরাসরি দেখবো। সোনারগাঁয়ের কোন স্কুল থেকে ছাত্র-ছাত্রীরা কে কত নম্বর পেল, কোন স্কুলের রেজাল্ট ভালো হলো বা খারাপ করলো এবং কতগুলো বৃত্তি পেল তা কঠোরভাবে তদারকি করা হবে। সোনারগাঁয়ে ১১৩টি প্রাইমারি স্কুল আছে, আমি চাই প্রতিটি স্কুলের সাথে পড়ালেখার একটি সুস্থ প্রতিযোগিতা তৈরি হোক।
শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করে পাঠদানের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা যদি শিক্ষার্থীদের নিজের ছেলে-মেয়ে মনে করে লেখা-পড়া না করান, তবে আমাদের আগামী প্রজন্ম শিক্ষিত হবে না। জোরজবরদস্তি বা অত্যাচার করে ছাত্র-ছাত্রীদের শেখানো সম্ভব নয়, আপনাদের মন থেকে এই দায়িত্ববোধ অনুভব করতে হবে। আপনারা আন্তরিকভাবে পড়ালেখা করালে আমার পক্ষ থেকেও আপনাদের প্রতি বিশেষ সু-দৃষ্টি থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেশসেরা শিক্ষক ও বিভাগীয় সেরা শিক্ষকদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।



































আপনার মতামত লিখুন :