News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

এবারও মন্ত্রী পেলো না নারায়ণগঞ্জ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৫:৫৭ পিএম এবারও মন্ত্রী পেলো না নারায়ণগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত মন্ত্রীসভায় স্থান পায়নি নারায়ণগঞ্জের কেউ। নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন হবার পর রদবদল এসেছে মন্ত্রীসভায়। নতুন করে চারজন পূর্নমন্ত্রী ও দুই জন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন মন্ত্রীসভায়। তবে বিএনপি সরকারের নতুন মন্ত্রী তালিকাতেও স্থান পায়নি নারায়ণগঞ্জের কেউ।

বিগত আমলে বিএনপি সরকারে নারায়ণগঞ্জ থেকে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন প্রয়াত রাজনীতিবিদ আব্দুল মতিন চৌধুরী। তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রূপগঞ্জ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। আজও তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন নারায়ণগঞ্জের বিএনপি নেতারা।

মতিন চৌধুরীর পর প্রতিমন্ত্রী পদমর্যাদা লাভ করেন প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক রেজাউল করিম। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। প্রবীন এই নেতা ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে সবশেষ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হন। দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। এখনও তিনি সেই বহিষ্কৃত বিএনপি নেতা হিসেবেই রাজনীতির মাঠে আছেন। 

বর্তমানে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি এবং একটি আসনে এগারো দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি জয় পেয়েছে। নির্বাচনের পর মন্ত্রীসভায় স্থান না পেলেও গুঞ্জন উঠেছিলো মন্ত্রীসভায় রদবদল হলে স্থান পেতে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের এমপিরা। আলোচনা এবং গুঞ্জনে এগিয়ে ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনে জয় পাওয়া বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। 

গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিলেন এই দুই এমপি। বিশেষত আজাদ পানিসম্পদ বা খাদ্য প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিলো আজাদ অনুসারীদের দ্বারা। অন্যদিকে এমপি আবুল কালামও কোন একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন সেই গুঞ্জনও উঠেছিলো। তবে সব গুঞ্জন মিলিয়ে গেছেন নতুন মন্ত্রীপরিষদ ঘোষণার পর।

 মন্ত্রিসভায় নারায়ণগঞ্জের কোনো প্রতিনিধিত্ব না থাকায় জেলাজুড়ে বিএনপি নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষর যেসব এমপিরা ছিলেন এই গুঞ্জনের বাইরে, তাদের অনুসারীরা অনেকটাই হাফ ছেড়ে বেঁচেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, শিল্প ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলার সংসদ সদস্যদের মধ্যে অন্তত একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে স্থানীয় উন্নয়ন ও জেলার সার্বিক অগ্রগতি দৃশ্যমান হতো। ফলে মন্ত্রিসভার বাইরে থেকে শিল্প ও বাণিজ্য নগরীকে এগিয়ে নিয়ে যাবার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জেলার পাঁচ এমপিকেই।