News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

আগুনে পুড়ল ঝুট ও রিকশার গ্যারেজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৬:১৩ পিএম আগুনে পুড়ল ঝুট ও রিকশার গ্যারেজ

ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে ৪টি ঝুটের গোডাউনে ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার ভোরে ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের জমিতে অবৈধ ভাবে টিন দিয়ে অন্তত ১৫/২০টি গোডাউন তৈরি করে স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়েছেন।

এসব গোডাউন ভাড়া নিয়ে অনেকেই ঝুটের ব্যবসা করেন। আবার কেউ ইজিবাইকের গ্যারেজ দিয়ে ব্যবসা করেন। শুক্রবার ভোর ৬টায় এসব গোডাউনের কোন একটিতে আগুন ধরে দ্রুত আশপাশের গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার ঝুটের গোডাউনে এবং আলী, শহিদ, আনোয়ারের ইজিবাইক গ্যারেজ আগুনে পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা ও ধোয়া অনেক উপরে উঠে যায়। এতে আশপাশের কলকারখানায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ক্ষতিগ্রস্ত আসলাম মেম্বার জানান, কিভাবে কোন গোডাউন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে কেউ বলতে পারেনা। স্থানীয় লোকজনের ফোন পেয়ে ঘুম থেকে উঠে গিয়ে গোডাউনের চিহ্ন পর্যন্ত পাইনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবাদুল্লাহ আল আরেফিন জানান, ধারনা করা হচ্ছে ইজিবাইকের কোন একটি গ্যারেজে বিদ্যুতের শর্ট শার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সেই আগুন আশপাশে ছড়িয়ে পড়েছে।