News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

হামলার শিকার পুলিশ, শক্ত এসপি চান সকলে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ১০:২২ পিএম হামলার শিকার পুলিশ, শক্ত এসপি চান সকলে

নারায়ণগঞ্জে ফের হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। একইদিনে ফতুল্লার ইসদাইরে এবং সিদ্ধিরগঞ্জে অভিযানে গিয়ে হামলার শিকার হয় ছয়জন পুলিশ সদস্য। এর আগেও নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, বন্দর, রূপগঞ্জ এলাকায় র‍্যাব ও পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছিলেন। এমনকি পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছিলো।

এসব ঘটনায় দেশজুড়ে আলোড়ন তৈরী হয়। কয়েকটি অভিযান চালিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে র‍্যাব ও পুলিশ। তবে ততদিনে অপরাধীদের মধ্যে ভেঙ্গে গেছে পুলিশের ভয়। দিন দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে থাকে জেলাজুড়ে। মাসদাইরে অপরাধীদের দৌরাত্ম্য না কমায় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে এক ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করে। এছাড়া একাধিকস্থানে গণপিটুনির মত ঘটনাও বৃদ্ধি পায়।

লম্বা বিরতির পর গত ১৫ আগস্ট ইসদাইরে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর গুলি চালায় রাজ্জাক বাহিনীর অনুসারীরা। পুলিশ পাল্টা গুলি ছুড়লে আহত হয় রাজ্জাক বাহিনীর প্রধানের ছেলে জসীম, সেই সাথে গ্রেপ্তার করা হয় সহযোগী মোহনকে।

অন্যদিকে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয় পুলিশের এসআই রফিক, এসআই নন্দন চন্দ্র এবং কনস্টেবল রাশিদুল।

একইদিন বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনীতে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয় তিন পুলিশ সদস্য। পুলিশের উপর রড, ইট দিয়ে হামলা চালায় অপরাধীরা। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এদিকে একের পর এক হামলার পেছনে পুলিশের নিজস্ব দুর্বলতার পাশাপাশি জেলার পুলিশ প্রধানের শক্ত ভুমিকা না থাকাকেও দায়ী করছেন কেউ কেউ। বিশেষত সদ্য বিদায়ী এসপি মিজানুর রহমান মুন্সি নানান ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তা উঠে এসেছে বার বার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি পুলিশের মনোবল শক্ত করতেও তেমন ভুমিকা রাখতে পারেননি। যেই কারনে পুলিশের উপর হামলা করার ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার পরেও ফের স্পর্ধা দেখিয়েছে অপরাধীরা। এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করারও সাহস দেখিয়েছে তারা।

নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, অতীতে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি পুরো অঞ্চলে সাঁড়াশি অভিযান পরিচালনা করতো। কিন্তু বর্তমান পুলিশ সেই কাজে ব্যর্থ। এছাড়া পুলিশের কর্মকর্তারাও রাজনৈতিক নেতাদের কথা শুনে অনেক সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন। দলের পরিচয়ের কারণে অনেক বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে সাহস পায় না। এই ধরণের নতজানু আচরণের কারনে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বার বার।

এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জে আসা নতুন এসপির কাছে নগরবাসী থেকে শুরু করে পুলিশের অধস্তনরা চাচ্ছেন শক্ত ভুমিকা রাখতে। যেন যেকোন অপরাধ অপকর্ম শক্ত হাতে দমন করা হয়। সেক্ষেত্রে যেন দল, গোত্র না দেখে অপরাধকে প্রধান হিসেবে দেখা হয়।