কলেরা প্রতিরোধে নারায়ণগঞ্জে শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হয়েছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’।
দেশের ঝুঁকিপূর্ণ চিহ্নিত ১৪টি উপজেলার মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় টিকা প্রদান শুরু হয়েছে৷ কলেরার প্রথম ডোজ দেওয়া হবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। সম্পূর্ণ সুরক্ষার জন্য নির্ধারিত সময় অনুযায়ী দুই ডোজই গ্রহণ করতে হবে।
শনিবার সকালে সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্থাপিত স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়৷ এর বাইরে সদর উপজেলার সাতটি ইউনিয়নের তিনটি ওয়ার্ড করে মোট ২১ টি অস্থায়ী এবং একটি স্থায়ী কেন্দ্রে টিকাদান চলবে।
মোট ৯ লাখ ৭০ হাজার ১৩১ জন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে নারী ৪ লাখ ৮৭ হাজার ৮২৭ জন ও পুরুষ ৪ লাখ ৮২ হাজার ৩০৪ জন। সদরের ৭টি ইউনিয়নের একেক এলাকায় একেকদিন করে চলবে এই কর্মসূচী।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা বলেন, এই কর্মসূচিতে ১ বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে বিনামূল্যে কলেরার টিকা খাওয়ানো হবে। তবে গর্ভবতী নারী ও ১ বছরের কম শিশুরা এই কর্মসূচির আওতায় থাকবেন না। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকা দেওয়া হবে।








































আপনার মতামত লিখুন :