News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে পুরস্কার অর্জন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৬:০৬ পিএম টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে পুরস্কার অর্জন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড চাঁনমারী এলাকায় টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে শিশু ও কিশোররা। শিশু ও কিশোরদের বিভিন্ন নেতিবাচক আসক্তি থেকে দূরে সড়িয়ে নামাজের জন্য মসজিদমুখী করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যায় উত্তর চাষাঢ়া চাঁনমারী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মিশাল ফাউন্ডেশনের উদ্যোগে নামাজ আদায়কারী শিশু ও কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আর এই আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিশু এবং কিশোরদের মধ্যে বেশ আগ্রহ ছিলো।

আয়োজনের মূল উদ্যোক্তা সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের সভাপতি মো. নাঈম হোসেন মিশাল বলেন, আমি বিভিন্ন জায়গায় দেখেছি বাচ্চাদের মসজিদমুখী করার জন্য ৫ ওয়াক্ত নামাজের প্রতিযোগিতা করে থাকে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে যেহেতু আমি নিজে মামাজ পড়ি নামাজের গুরুত্ব বুঝি তাই এই আয়োজন করেছি। বর্তমান যুবসমাজ এবং কিশোররা মসজিদমুখী হচ্ছে না। তাদের মোবাইল আসক্তি সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো উপায় নেই। সে লক্ষ্যকে সামনে আমি প্রথম আমার চাঁনমারী এলাকায় আয়োজন করি। এতে বাচ্চাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ছিলো। ৪০ দিনের একটা প্রতিযোগিতা ছিলো। প্রথমে ৫৫ জন থেকে শুরু হয়েছিলো শেষ পর্যন্ত ২৬ জন ছিলো। সেই সাথে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ ১১ জন পড়তো। আমি দেখেছি বাচ্চারা ফজর নামাজও মসজিদে এসে আদায় করেছি। প্রথম আমার এলাকা থেকে শুরু করেছি এরপর নারায়ণগঞ্জজুড়ে ছড়িয়ে দেয়ার চেষ্টা করবো।

উত্তর চাষাঢ়া চাঁনমারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহমান বলেন, বাচ্চাদের নামাজের জন্য উৎসাহিত করতে হবে। যদি তারা নামাজি হয়ে যায় তাহলে নামাজই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখবে। যিনি এই আয়োজন করেছেন আমরা তার জন্য দোয়া করি। তাকে স্বাগতম জানাই। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ বলেন, এলাকার সকল মসজিদে এই ধরনের উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে সকলেই ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে। সকল ভালো কাজকে সফল করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়গঞ্জ মহানগর জাময়াতের সহকারী সেক্রেটারী এইচ এম নাসির উদ্দিন, জামায়াত নেতা হাফেজ মাওলানা কামরুল হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।