News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

মাদক সেবন : আইনজীবী পাপ্পুকে বহিস্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৮:১২ পিএম মাদক সেবন : আইনজীবী পাপ্পুকে বহিস্কার

নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকা মাদক সেবন করতে গিয়ে জনতার হাতে ধরা খাওয়া অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পুকে ৬ মাসের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিস্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৬ আগস্ট থেকে আগামী ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অধিনস্ত সকল আদালতের সকল আইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এই সময়ে যদি আদেশ লঙ্ঘন করে তাহলে অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পুকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে। একই সাথে সদস্য পদ স্থগিত করার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের বরাবর অনুরোধ করা হবে।

সেই সাথে এই স্থগিত আদেশ চলাকালিন সময়ে মাহফুজুর রহমান পাপ্পুর বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ বা মাদকের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা বা পেশা পরিচালনা করার কোনো সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে তাকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে। একই সাথে যেহেতু তার সদস্যপদ স্থগিত সেক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আগামী নির্বাচনে তার ভোটারাধিকার বাতিল করা হয়েছে।

এদিকে সাময়িক স্থগিত আদেশের মেয়াদ অতিবাহিত হওয়ার মাহফুজুর রহমান পাপ্পুকে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের বরাবর পূর্বের অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে লিখিত আবেদন করতে হবে। একই সাথে জেলা আইনজীবী সমিতির সকল প্রকার পাওনা পরিশোধ করে সদস্য পদ পূর্নবহালের আবেদন করতে হবে।

এর আগে গত ২৪ জুলাই নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকা মাদক সেবন করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পু নামে একজন আইনজীবী। যিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সদস্য।

স্থানীয়রা জানিয়েছিলেন- প্রায় প্রতিদিনই ইসদাইর এলাকার জামাল কামালের বাড়িতে মাদকসেবীরা প্রবেশ করে জোরপূর্বকভাবে মাদক সেবন করে থাকে। বাড়ির মালিক তাদের বাধা দিয়েও থামাতে পারছিলেন না। বাধা দিতে গেলে বাড়ির মালিককে নানাভাবে হুমকি ধমকি দেয়া হয়।

পরবর্তীতে এই বিষয়ে বাড়ির মালিক এলাকাবাসীকে জানান। তারই ধারাবাহিকতায় এদিন দুপুরে এলাকাবাসী কয়েকজন মিলে বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান। সেই সাথে ৮ থেকে ৭ জন মাদকসেবীকে মাদক সেবনরত অবস্থায় পেয়ে যান। তাদের মধ্যে একজন অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পুও ছিলো।

পরে এই ঘটনায় মাহফুজুর রহমান পাপ্পু সকল মাদকসেবীকে কান ধরে উঠবস করান। সেই সাথে আর কখনও মাদক সেবন করবে না বলে মুচলেকা দিয়ে তারা ছাড়া পান।

এদিকে অ্যাডভোকেট মাহফুজুর রহমান পাপ্পুর মাদক সেবন করতে গিয়ে কান ধরে উঠবস করে ছাড়া পাওয়ার ঘটনায় আইনজীবীদের মাঝে তাকে আইনজীবী সমিতি থেকে বহিস্কারের দাবী উঠে। অন্য আইনজীবীরা তার বহিস্কার দাবী করেন।