News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ১০:৩৩ পিএম সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।

এ সময় ইট ও লোহার রড দিয়ে পুলিশের উপর হামলা চালানো হয়। হামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক স্বপন এবং পুলিশ সদস্য মনির হোসেনসহ দুইজন আহত হয়েছেন।

এ ঘটনায় রাতেই পুলিশের একাদিক দল অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে মোঃ আব্দুল্লাহ (২৪) এবং নাইম হেসেন (২৫) নামে দুজনকে আটক করে। শনিবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান। এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে এবং সহকারী উপ-পরিদর্শক স্বপনের মাথায় ও হাতে রড দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন।

‎পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্য মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় আহত পুলিশের সহকারি উপ-পরিদর্শক স্বপনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আমাদের দুজন পুলিশ আহত হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।