নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে অবাধে কাঁটা হচ্ছে মাটি। যা পরবর্তীতে বিক্রি করা হচ্ছে অন্যত্র। অবৈধভাবে এসব মাটি উত্তোলনের ফলে ভাঙছে পাড়। স্থানীয়দের দাবি, একাধিকবার পুলিশ প্রশাসনকে মৌখিক ভাবে অবগত করলেও কার্যত কোন ব্যবস্থা নেয়া হয়না তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে ধর্মগঞ্জ ঘাট থেকে নদীর পশ্চিম পাড়ে অন্তত পাঁচটি ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করতে দেখে স্থানীয়রা। বেশ কয়েকজন বাসিন্দা সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। সেই সাথে বলেন, এসব প্রতিদিন চললেও উদাসীন প্রশাসন। দেখেও না দেখার ভান করে থাকে পুলিশ। থানা পুলিশকে জানালে তারা বলে এটা নৌ পুলিশের দায়িত্ব। আর নৌ পুলিশকে ফোন করলে তারা কোন ব্যবস্থা নেয় না।
কয়েকজন বাসিন্দা জানান, গত বুধবার একই চিত্র দেখে ফোন দেয়া হয়েছিলো পুলিশকে। কিন্তু তারা এসে কিছুই করেনি। বৃহস্পতিবার ফের মাটি কাঁটা শুরু হয়েছে। মূলত রাত থেকে মাটি কাঁটা শুরু হয়। যা চলে সকাল ১০ টা পর্যন্ত। এরপর মানুষজনের চলাফেরা থাকায় তখন বন্ধ রাখে মাটি কাটার কাজ।
ফতুল্লা এনসিপির আহবায়ক তরিকুল ইসলাম বলেন, প্রতিনিয়ত অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটিদস্যুরা। স্থানীয় বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে তারা অবাধে মাটি কাটছে। বালু তুলে বিক্রি করছে। মাটি কেটে দিচ্ছে ইটভাটায়। পুরো অঞ্চলের পরিবেশ নষ্ট করছে। নদী ও নদী তীরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে।
এর আগে, নদীর তীরের মাটি কাঁটা নিয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এই অঞ্চলের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। তিনি জানান, রাতের আধারে নদী থেকে মাটি ও বালু উত্তোলন করা হচ্ছে। সেই মাটি বিক্রি করা হয় ইটভাটায়। স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে চলছে এই কাজ। প্রশাসনকে অনুরোধ করেন এই বিষয়ে তারা যেন শক্ত অবস্থান নেয়।



































আপনার মতামত লিখুন :