নারায়ণগঞ্জ-৪ আসনের জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর নির্বাচনী কার্যক্রম ঘিরে আবারও বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তার সমর্থক হিসেবে পরিচিত আশরাফ ভুঁইয়া একটি নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে নগদ অর্থ বিতরণ করেছেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার ফতুল্লায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে মঞ্চে দাঁড়িয়ে আশরাফ ভুঁইয়া উপস্থিত ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করেন। এ ঘটনাকে নির্বাচন আচরণবিধির চরম লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে এ ধরনের অর্থ বিতরণ সম্পূর্ণ বেআইনি।
অভিযোগ সূত্রে জানা যায়, আশরাফ ভুঁইয়া অতীতে আওয়ামী লীগ সরকার আমলে আজমীর ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং সেই সুবাদে এক সময় ব্যাপক প্রভাব ও অর্থসম্পদের মালিক হয়ে উঠেন। ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন বলেও স্থানীয়দের দাবি। পরে আবার এলাকায় ফিরে এসে বিভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে।
স্থানীয়দের ভাষ্যমতে, সম্প্রতি তিনি মুফতি মনির হোসাইন কাসেমীর কাছাকাছি থাকার চেষ্টা করছেন এবং নিজের প্রভাব জাহির করতেই নির্বাচনী সমাবেশে বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছেন। সোমবার ঘটনায় তিনি সমাবেশে আগত লোকজনকে ভোট দেওয়ার উদ্দেশ্যে অর্থ বিতরণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। তারা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযোগের বিষয়ে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।


































আপনার মতামত লিখুন :