ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পাওয়া বাংলাদেশ জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। চিঠিতে এও বলা হয়েছে, পরবর্তীতে আবারও আচরণবিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ অথবা প্রার্থীতা বাতিল করা হতে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ দিদার হোসেন স্বাক্ষরিত স্মারকে এই সতর্ক করা হয়।
স্মারকে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনির হোসাইন নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে তার ছবি সহ 'খেজুর গাছ ও খানের শীষ' সম্মিলিত প্রতীক প্রদর্শনপূর্বক ব্যানার ও ফেস্টুন স্থাপন করেছে। একই সাথে জনসভায় ভোটারদের কাছে খেজুর গাছ প্রতীকে ভোট চেয়েছে। যা সংশ্লিষ্ট ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডজুডিকেশন কমিটি উক্ত অভিযোগ অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন।
অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, মনির হোসাইন নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন স্থাপন করে এবং জনসভায় ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনি প্রচারণা করে। যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এমতাবস্থায়, নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে মনির কাসেমীকে নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রকার আচরণবিধি লঙ্ঘন হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনা না মানলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জরিমানা আরোপ এমনকি প্রার্থীতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।


































আপনার মতামত লিখুন :