নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীদের ফেরানো হচ্ছে। থানা বিএনপির একাধিক শীর্ষ নেতার আশ্রয়ে আওয়ামী লীগের দুর্ধর্ষ প্রকৃতির নেতাকর্মীরা ফিরতে শুরু করেছে। এতে করে এলাকাতে চরম আতঙ্ক বিরাজ করছে। তাদের কেউ কেউ আবার ক্ষমতাধর নেতাদের সঙ্গে ছবি পোস্ট করছেন। কেউ আবার বিএনপি জোটের প্রার্থী মনির হোসাইন কাসেমীর খেজুর গাছের ব্যানার ফেস্টুন সাটাচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের এ প্রস্থানে এলাকায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে ভীতির সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির একাধিক নেতা পলাতক আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা চালিয়ে যান। টানা কয়েকদিনের আলোচনার পর এসব সন্ত্রাসীদের এলাকায় ফেরার সবুজ সংকেত দেওয়া হয়। ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান সবুজ এলাকায় ফিরেছেন। তিনি ছাত্র জনতার বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামী। এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। বিএনপি নেতার কৌশলে তিনি এলাকাতে ফিরেই খেজুর গাছের পক্ষে ফতুল্লার কোতালেরবাগ সহ আশপাশ এলাকাতে ব্যানার ফেস্টুন সাটিয়েছেন। অভিযোগ আছে থানা বিএনপির একজন শীর্ষ নেতা তাকে এলাকায় নিয়ে আসেন।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যাতে এলাকায় ফিরলেও কোন বাধা সৃষ্টি না হয় সেজন্য সম্প্রতি খেজুর গাছের প্রার্থী মনির হোসাইন কাসেমী নির্বাচন কমিশনের কাছে দুইজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দেন।
বিএনপির একাধিক কর্মী জানান, নির্বাচনের বৈতরণী পার হওয়া সহ অরাজকতা করতেই বিএনপির কেউ কেউ এসব সন্ত্রাসীদের এলাকাতে ফেরানোর কারণে দলের বদনাম হচ্ছে। সেই সঙ্গে সহিংশ পরিস্থিতি তৈরি হচ্ছে।
এদিকে স্থানীয়রা জানান, আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী মীর সোহেল আলীর অনুসারীরাও এলাকাতে ফিরতে শুরু করেছে। তাদের অনেকেই এখন সক্রিয়।


































আপনার মতামত লিখুন :