News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:০৯ পিএম সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে নারায়ণগঞ্জ বন্দরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে বন্দর প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

বন্দর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নানা শ্রেনী পেশার মানুষ  স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়ার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা,সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,বাংলাদেশ  মফস্বল সাংবাদিক ফোরাম,বন্দর শাখার ও বন্দর মডেল প্রেস ক্লাবের  সভাপতি এসএম শাহীন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিকে রাসেল,বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব,সাবেক সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জিএম সুমন,ইমরান মৃধা,সাংগঠনিক সম্পাদক শাহ জামাল,দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন,তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মামুনুর রহমান,সাংবাদিক টিআই কাজল,শ্যামল চন্দ্র দাস,শাকির আহম্মেদ বাপ্পি, নুরে আজাদ, রেজোয়ান হোসেন পাভেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। সাম্প্রতিক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়ে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।