News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের প্রতিহত করুন : আল আমিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:০২ পিএম নারায়ণগঞ্জে চাঁদাবাজদের প্রতিহত করুন : আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি থেকে   নব নির্বাচিত এমপি আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মানুষ সিদ্ধান্ত নিতে পেরেছে যে পরিবর্তন কার দ্বারা হবে। আমরা সেই মানুষদের ভালোবাসার প্রতিদান দিতে চাই কাজের মাধ্যমে। আমরা গত দুইমাস একটা কথাই বলেছি নারায়ণগঞ্জকে আমরা পজেটিভ নারায়ণগঞ্জে পরিবর্তন করবো। রাজনৈতিক দুর্বিত্তায়ন থেকে বের হয়ে বাসিন্দাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করবো।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে আল আমিন এই মন্তব্য করেন।

আল আমিন বলেন, আজকে থেকে নারায়ণগঞ্জে যেকোন ধরণের চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী প্রতিহত করুন। আমরা আপনাদের পাশে আছি। সন্ত্রাসীদের প্রশ্নে আমরা কোন ছাড় দিব না। আমরা মানুষের ম্যান্ডেট অর্জন করেছে। এই প্রতিশ্রুতি রাখতে আপনারা আমাদের মাঠে পাবেন। যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। যারা ভিন্ন প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের প্রতি নূন্যতম বৈষম্য করার অধিকার আমাদের নাই। প্রত্যেক নাগরিক তার মর্যাদা পাবেন।

তিনি বলেন, পুরো অঞ্চলের সমস্যা সমাধানে মাস্টারপ্ল্যান দরকার। মানুষের সমস্যা নিরসনে আদায়ে যেকোন উপায়ে সমাধানের জন্য কাজ করে যাব। ইতোমধ্যে মাস্টারপ্ল্যানের জন্য জার্মানের একটি টিম ও বুয়েটের টিমের সাথে কথা বলেছি। ড্রেনেজ সমস্যা নিয়ে প্রথম কাজ শুরু করতে চাই। আগামী ১৫ দিনের মধ্যে ইনফরমেশন সেন্টার তৈরী করতে চাই। সেখানে পরিচয় দিয়ে বা পরিচয় গোপন রেখে অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন। নাগরিক সেবা এপসও তৈরী করতে যাচ্ছি। আমরা সেই অনুযায়ী স্টেপ নিব। নেগেটিভ নারায়ণগঞ্জ ব্র‍্যান্ডিং রোধে জিরো টলারেন্স।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে মাদক ব্যবসায়ীরা। পাশাপাশি কিছু রাজনৈতিক নেতা যারা চাদাবাজির জন্য কিশোর গ্যাংকে শেল্টার দেয়। এখানে ব্যবসায়ী ও সাধারন মানুষ নানান ভাবে হয়রানীর শিকার হয়েছিলো। তারা সম্মিলিতভাবে সেই গ্রুপকে নির্বাচনে প্রতিহত করেছে। আমি সকলের সহযোগীতা নিয়ে আমি এসব সমস্যা নিরসনে কাজ করতে চাই।