News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

চাঁদাবাজ মাদক ভূমিদস্যুদের ৭ দিনে শাস্তির নির্দেশ এমপি মান্নানের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:১৬ পিএম চাঁদাবাজ মাদক ভূমিদস্যুদের ৭ দিনে শাস্তির নির্দেশ এমপি মান্নানের

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে চাঁদাবাজ, মাদককারবারী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেন, তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী দেশে আর কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। ফলে আজ থেকেই এ আসনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে ১ম দিনের অফিসকালে সরকারি সকল দপ্তরের প্রধান, প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

এমপি মান্নান প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে জনগণের স্বার্থে চিহ্নিত চাঁদাবাজ, মাদককারবারী ও ভূমিদস্যুদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

একই সঙ্গে তিনি বলেন, যারা এসব অপরাধীদের পক্ষে তদবির করবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নবনির্বাচিত এমপি আরও বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তরে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনের সব দপ্তরকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভা শেষে দুপুরে সোনারগাঁ উপজেলার অসহায়, দুঃস্থ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মজুরির নগদ অর্থের চেক বিতরণ করা হয়। এ সময় এমপি মান্নান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ আরও অনেকে।