News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

বাজারে অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকি প্রতিরোধ করতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:৫১ পিএম বাজারে অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকি প্রতিরোধ করতে হবে

বাজারে তদারকিমূলক অভিযানে বাধা ও মার্কেট বন্ধের হুমকি প্রতিরোধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে কুনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশে (ক্যাব), নারায়ণগঞ্জ জেলা কমিটি।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের কাছে এই স্মারকলিপি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, সদস্য মোশতাক আহমেদ শাওন, সদর উপজেলা কমিটির সভাপতি ডা: গাজী খায়রুজ্জামান, আড়াইহাজার উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলাতেও নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি ঢাকায় পরিচালিত একটি বাজার অভিযানে সরকারি কাজে বাধা প্রদান, হইচই সৃষ্টি এবং মার্কেট বন্ধের হুমকির মতো অনভিপ্রেত ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার যে দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যক্রমের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দৃঢ়ভাবে মনে করে, এ ধরনের পরিস্থিতি যাতে নারায়ণগঞ্জ জেলায় কোনোভাবেই তৈরি না হতে পারে, সে জন্য আগাম ও কার্যকর প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা একান্ত প্রয়োজন। জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় হতে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানগুলো নির্বিঘ্ন, নিরাপদ ও কার্যকরভাবে সম্পন্ন হওয়া ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজন।

এমতাবস্থায়, আমরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে, জেলায় বাজার তদারকিমূলক অভিযানের সময় যেন কোনো মহল সরকারি কাজে বাধা প্রদান, ব্যবসায়ীদের উসকানি দেওয়া বা দোকানপাট বন্ধের মতো পরিস্থিতি তৈরি করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের মধ্যে সমন্বয় জোরদার করে বাজার মনিটরিং কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

আমাদের দাবিসমূহ:

১.জেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হবে।

২.বাজার অভিযানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক বাধা প্রদান, হুমকি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩.জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম জোরদার করতে হবে।

৪.ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনীয় সতর্কতা, নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।

৫.ঢাকায় সৃষ্ট অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি যেন অত্র জেলায় না ঘটে সে লক্ষ্যে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আমরা বিশ্বাস করি, আপনার সদয় ও সময়োপযোগী উদ্যোগে জেলায় বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় থাকবে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে।