নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও এর নিকটবর্তী এলাকাকে নিয়ে একটি পরিকল্পিত ও আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারী ুনারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬” নামে গেজেট প্রকাশিত হয়েছে।
নারায়ণগঞ্জ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ একটি জেলা হলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তদারকির কারণে পরিকল্পিত শহর হিসেবে গড়ে ওঠেনি এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের। বিষয়টি অনুধাবন করে গত এক বছর ধরেই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি করে আসছিলেন।
গত বছরের ১৮ সেপ্টেম্বর দিপুর নেতৃত্বে ব্যবসায়ীদের একটি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নারায়ণগঞ্জকে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনের তাগিদ দেন। এছাড়া জেলা প্রশাসকের সঙ্গেও একাধিক বৈঠকে এ বিষয়টি নজরে আনেন দিপু ভূঁইয়াসহ ব্যবসায়ীরা।
সবশেষ গত বছরের ২৩ ডিসেম্বর প্রায় ১ হাজার ব্যবসায়ীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ চেম্বারের বার্ষিক সাধারণ সভাতেও নারায়ণগঞ্জে আলাদা কর্তৃপক্ষ গঠনের জোরালো দাবি জানানো হয়। সেদিনও উপস্থিত ব্যবসায়ীরা এটাকে সমর্থন দেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশনার প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হতে গত ১৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছিল।
চিঠিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রায় ৭২ দশমিক ৪৩ বর্গকিলোমিটারে ২০ লাখ মানুষের বসবাস। যেখানে নগরায়ণের প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৭ শতাংশ পক্ষান্তরে সারাদেশে প্রায় ৩ এবং ঢাকায় ৩ দশমিক ৪ শতাংশ। আগামীতে নাসিকের সীমানা ও জনসংখ্যা বাড়বে। তাই নাসিকের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষ’গঠন করা প্রয়োজন।
গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএর সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, আমাদের নারায়ণগঞ্জ শহর বর্তমানে অপরিকল্পিত একটি শহরে পরিণত হয়েছে। এই মুহূর্তে পরিকল্পিত শহর হওয়া খুবই জরুরি। সেখানে রাস্তাঘাট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে ঝুঁকিমুক্ত অবকাঠামোর উন্নয়ন ঘটবে। আমাদের নারায়ণগঞ্জ জেলার সঙ্গে যদি আশেপাশের জেলাগুলো সড়কপথের যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন ঘটে, তাহলে নগরবাসীর উন্নয়ন দ্রুত ঘটে। আর যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটলে ব্যবসায়িক পরিস্থিতির এমনিতেই উন্নয়ন ঘটে। তাই পরিকল্পিত নগরীর জন্য এটি আমাদের জন্য বড় সুযোগ মনে করি।





































আপনার মতামত লিখুন :