News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সোনারগাঁয়ে বিএনপির পৃথক হামলায় তিন নেতাকর্মী আহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১০:৩৩ পিএম সোনারগাঁয়ে বিএনপির পৃথক হামলায় তিন নেতাকর্মী আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দু'টি হামলার ঘটনায় বিএনপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে। 

আলাদা আলাদা দু'টি হামলার ঘটনায় যুবদলের যুগ্ম-আহবায়ক আবু সাঈদের স্ত্রী কাজল রেখা ও পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন সোনারগাঁ পৌরসভা যুবদলের যুগ্ম-আহবায়ক আবু সাঈদ ও পৌরসভা শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন ও পৌরসভার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক।

জানা যায়, উপজেলার হামছাদী থেকে শুরু করে বালুয়াদিঘিরপাড়া পর্যন্ত বহুদিন যাবত ড্রেজার বসিয়ে বালুর ব্যবসা পরিচালনা করে আসছেন পৌরসভা যুবদলের যুগ্ম-আহবায়ক আবু সাঈদ ও শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেনসহ কয়েকজন নেতাকর্মীরা। যা নিয়ে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের সঙ্গে তাদের দগ্ধ চলে আসছিল। পূর্বের দগ্ধের জের ধরে দুপুরে আব্দুর রহিমের নেতৃত্বে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মো. ইব্রাহিম, ইস্রাফিল, রায়হান, নজরুল ইসলাম, মো. রোমান (২৪), ইমাম হাসান, মো. সোহাগ, মো. সিয়ামসহ ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল ড্রেজার পাইপ বসাতে বাধা প্রদান করে।

এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়ে আব্দুর রহিমের লোকজন যুবদল নেতা আবু সাঈদ ও শ্রমিকদল নেতা আবুল হোসেনকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। হামলায় আহত হওয়ার তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবু সাঈদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে একইদিনে দুর্বৃত্তদের দ্বারা পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক হামলার শিকার হন। 

হামলার শিকার হুমায়ুন কবির রফিক জানান, আমি একজন ঠিকাদার। দুপুরে উপজেলা পরিষদে প্রকৌশলীর কার্যালয়ের সামনে আমার উপর দুর্বৃত্তরা হামলা চালায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হইনি। ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ চেক করলেই হামলাকারীদের  চিহ্নিত করা যাবে।

বক্তব্যের জন্য সোনারগাঁ পৌরসভার বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমকে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ড্রেজার ব্যবসা কেন্দ্র করে হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে এক নেতার উপর হামলার ঘটনায় সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে।