News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মহানগর বিএনপির রাজনীতিতে ঐক্যের বার্তা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:০৭ পিএম মহানগর বিএনপির রাজনীতিতে ঐক্যের বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে বইছে ঐক্যের বার্তা। মহানগর এলাকার নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সামনে রেখে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন।

অ্যাডভোকেট আবুল কালাম ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান একমঞ্চে বসে একে অপরকে পাশে রেখে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। আর তাদের একসাথে হওয়ায় অনুসারীরা সহ অন্যান্য নেতাকর্মীরাও এক্যবদ্ধ হচ্ছেন। যা মহানগর বিএনপির রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পান মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। যিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত হয়ে বেশ দক্ষতার সাথে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা তাদের সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর বুধবার অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের দায়িত্বভার গ্রহণ করেন। আর এই দায়িত্বভার গ্রহণের দিন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামকে সাথে নিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

একই সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শাহেনশাহ, সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, দিলারা মাসুদ ময়না, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পাশাপাশি সারাদিনব্যাপী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝেই ছিলো উল্লাস আনন্দ উৎসব।

এর আগে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মহানগর বিএনপির রাজনীতিতে একটা পরোক্ষ বিভক্তি পরিলক্ষিত হচ্ছিলো। বিশেষ করে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের রাজনীতিতে যেন ভাটা চলে এসেছিলো। নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে তিনি অনেকটাই একা হয়ে পড়েছিলেন। তার অনুসারীর সংখ্যা কমে গিয়েছিলো। কিন্তু নারাণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে আবারও সাখাওয়াত হোসেন খান নিজেকে জানান দিয়েছেন। সেই সাথে তিনি সকল নিয়েই কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছেন। ঐক্যবদ্ধ থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে নতুন করে বার্তা দিয়ে যাচ্ছেন।

বিএনপির নেতাকর্মীদের সূত্র বলছে, বিএনপির রাজনীতিতে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের জায়গা করে নেয়ায় নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতির মোড় গিয়েছিলো। একই সাথে মহানগর এলাকার সংসদ সদস্য হিসেবে বিএনপি দলীয় মনোনয়ন পেয়ে অ্যাডভোকেট আবুল কালাম নির্বাচিত হওয়ায় অনেক নেতাকর্মী বলয় পরিবর্তন করেছিলেন।

বিশেষ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিরো। যার ধারাবাহিকতায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্ব নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছিলো। কিন্তু নারায়গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে  তিনি সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন। রাজনীতিতে আবারও নতুন করে সম্ভাবনা জাগিয়ে তুলছেন।