News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফতুল্লায় কিশোরীকে অপহরণ প্রাণনাশের হুমকির অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১০:৩৮ পিএম ফতুল্লায় কিশোরীকে অপহরণ প্রাণনাশের হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছরের এক কিশোরীকে প্রথমে ফুসলিয়ে অপহরণ এবং পরবর্তীতে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় কিশোরীর মা ফরিদা (৩৮) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন চানমারী এলাকার বাসিন্দা ফরিদার মেয়ে মোছা. জামিলার (১৩) সাথে বিবাদী মো. হেলাল হোসেন (১৮) প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৫ ফেব্রুয়ারি হেলালের মা আকলিমা খাতুনের (৫০) সহযোগিতায় জামিলাকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে কিশোরীটি কৌশলে বিবাদীদের বাসা থেকে পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। কিন্তু ওই দিন রাত ৮টার দিকে হেলাল হোসেন আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা সহযোগীকে নিয়ে কিশোরীর বাড়িতে চড়াও হয়। তারা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে জামিলাকে পুনরায় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার উপায়ান্তর না পেয়ে আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ভিকটিমকে উদ্ধার এবং মূল অভিযুক্তদের থানায় নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া শেষে ভিকটিম এবং অভিযুক্তদের আদালতে হাজির করা হবে। এদিকে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা প্রশাসনের নিকট এবং গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।