News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

খানপুরে আর্জেন্টিনার পতাকা উড়িয়ে শুভকামনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৯:৫২ পিএম খানপুরে আর্জেন্টিনার পতাকা উড়িয়ে শুভকামনা

ফুটবল বিশ্বকাপ এলেই সারাদেশের মতো নারায়ণগঞ্জেও তৈরি হয় এক অভূতপূর্ব উৎসবের আমেজ। এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন দেশের শিবিরে বিভক্ত হয়ে পড়ে নারায়ণগঞ্জ। পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরতলী সবখানেই প্রিয় দলের পতাকার রঙে সাজানোর ধুম পড়ে যায়।

বাড়ি-ঘরের ছাদে প্রিয় দলের বিশাল বিশাল পতাকা ওড়ানো হয়। অলিগলির দেয়ালগুলো রঙ-বেরঙের পোস্টার ও ফেস্টুনে ছেয়ে যায়। কে কার চেয়ে বড় পতাকা টানাবে কিংবা তাদের পছন্দের দলকে কেন্দ্র করে ভিন্ন কোনো আয়োজন করবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়।

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় একটি পরিবার তাদের পছন্দের দল আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে বাড়ির ছাদে বিশাল পতাকা টানিয়েছেন। সেই সাথে তাদের আশপাশের কয়েকজন প্রতিবেশিকেও যুক্ত করেছেন। তারা সকলেই আশা করছেন এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। একই সাথে সকলেই মিলেই খেলা উপভোগ করবেন।

পরিবারের বড় ছেলে মুহাইমিনুল ইসলাম শাওন বলেন, যখন ছোট ছিলাম তখন দেখতাম ফুটবল বিশ^কাপের সময়ে প্রতিটি বাড়ির ছাদে পতাকা উড়তো। কিন্তু এখন তেমন দেখা যায় না। তাই ছোট বেলার স্মৃতি হিসেবে পছন্দের দল আর্জেন্টিনার বড় একটা পতাকা টানানোর চেষ্টা করেছি। আশা করি এবার আমার পছন্দের আর্জেন্টিনা বিশ^কাপ জিতবে।

পরিবারের পুত্রবধূ সামরীন সুলতানা শ্রেয়া বলেন, বিয়ের পর এটাই আমাদের প্রথম বিশ্বকাপ। সেই সাথে আমাদের দুইজনেরই পছন্দের দল আর্জেন্টিনা। আমরা আর্জেন্টিনার সমর্থক। যার কারণে আশা করছি এবারের বিশ^কাপে বেশ ভালোভাবেই খেলাগুলো উদযাপন করতে পারবো।

পরিবারের একজন সদস্য মোজাম্মেল হোসেন শাহীন বলেন, আর্জেন্টিনার খেলার দিন আমরা পরিবারের সকল সদস্য মিলে খেলা উপভোগ করে থাকি। এটা পরিবারের সদস্যদের নিয়ে আলাদা একটা আনন্দ।

প্রতিবেশি মশিউর রহমান বলেন, আমাদের জেন-জি জেনারেশন আর্জেন্টিনাকে দেখেছি দুইবার ফাইনাল খেলতে এবং একবার চ্যাম্পিয়ন হতে দেখেছি। সে কারণে এবারের বিশ্বকাপেও জেন-জিদের আরও বেশি আকর্ষণ রয়েছে আর্জেন্টিাকে ঘিরে। সেই সাথে মেশির এটা শেষ বিশ^কাপ। আমরা চাই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার মধ্য দিয়ে মেসি তার বিশ^কাপের সমাপ্তি ঘটাবে।

পরিবারের অভিভাবক সুলতানা পারভীন বলেন, গত বিশ্বকাপে আমার ছেলেকে আর্জেন্টিনা খেলার সময়ে দেখেছি অনেক সিরিয়াস। সেদিন তার দিকে আলাদাভাবে খেয়াল রাখতে হয়েছে। আমার ছেলে আর্জেন্টিনার পাগল ভক্ত। আমার পুরো পরিবারই আর্জেন্টিনার ভক্ত। সেদিন আর্জেন্টিনার খেলা থাকে সকলে মিলেই খেলা উপভোগ করে থাকি। আশা করি এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।