News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শামীম ওসমানের সেই পিএস প্রকাশ্যে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১০:৩০ পিএম শামীম ওসমানের সেই পিএস প্রকাশ্যে

নারায়ণগঞ্জের দৈনিক সোজা সাপটার সম্পাদক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা পলাতক শামীম ওসমানের পিএ হাফিজুর রহমান মান্নাকে এবার দেখা গেছে। কিশোরগঞ্জের বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হওয়া মজিবুর রহমান ইকবালের সঙ্গে মান্নাকে নিয়মিত দেখা যাচ্ছে। তিনি ইকবালের সরকারী পিএস হিসেবে কাজ করছেন। সংসদ ভবনেও মান্নাকে দেখা যাচ্ছে নিয়মিত।

ইকবাল ও শামীম ওসমান ঘনিষ্ঠ বন্ধু। ২০২৪ এর ৫ আগস্টে শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগের পতনের আগে ও পরে ইকবাল ও শামীম ওসমানকে নিয়ে নানা গল্প রয়েছে।

৮ জুন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বিরুদ্ধে আদালতে মামলা করতে যান ইকবাল। ওই সময়ে তার পাশেই দেখা গেছে মান্নাকে।

২০১৪ সালে শামীম ওসমান এমপি নির্বাচিত হওয়ার পর সরকারীভাবে পিএ হিসেবে নিয়োগ পান হাফিজুর রহমান মান্না। বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকলের সাকোকাঠী গ্রামের মরহুম আব্দুল মজিদ মোল্লার ছেলে মান্না নারায়ণগঞ্জে ওসমান পরিবারের শাসনকালে যেন এক শামীম ওসমানের ভেতর আরেক শামীম ওসমান হিসেবে নিজেকে জাহির করেন।

২০২৩ সালে সোজাসাপটা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন মান্না। এ মামলায় প্রথমে হাইকোর্ট থেকে দুই সপ্তাহের জামিন পান আবু সাউদ মাসুদ। পরবর্তীতে চার্জশীট প্রদানের পূর্ব পর্যন্ত জামিন মঞ্জুর করে সাইবার ট্রাইবুনাল আদালত। পরবর্তীতে বিবাদীর আইনজীবী আদালতে টাইম পিটিশন চাইলে আদালত তা না মঞ্জুর করে আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।