অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগকালীন পরিস্থিতিতে হাসপাতালের রোগীদের নিরাপদে সরিয়ে নেয়া ও উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে এ মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জ কার্যালয় এ আয়োজনের উদ্যোগ নেয়।
মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় হাসপাতাল থেকে রোগীদের দ্রুত ও নিরাপদে উদ্ধার করে বাইরে নিয়ে আসা, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় হাসপাতালের সংরক্ষিত ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের সঠিক কৌশলও হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি হাসপাতালের বাইরে একটি অস্থায়ী চিকিৎসা সেবা ক্যাম্প স্থাপন করা হয়। উদ্ধারকৃত রোগীদের সেখানে প্রাথমিকভাবে রাখা এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রদর্শন করা হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি ফায়ার ভলান্টিয়াররাও অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, ৩০০ শয্যা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবুল বাশার, নারায়ণগঞ্জ সদর মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহজাহান মিয়া এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুরুল আলম।
মহড়া শেষে নারায়ণগঞ্জ ফায়ারসার্ভিসের উপসহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নারায়ণগঞ্জে ৫০০ প্রশিক্ষিত ভলান্টিয়ার তৈরি করেছে ফায়ার সার্ভিস। তাদের নিয়মিত উদ্ধার ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগুন, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্ঘটনায় তারা স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। ৩০০ শয্যা হাসপাতালের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড পরিস্থিতিতে রোগী উদ্ধারের মহড়ায় দেখানো হয়, কীভাবে রোগীদের নিরাপদে সরিয়ে ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। আগুন লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত প্রাথমিক ব্যবস্থা নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, হাসপাতালে অক্সিজেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম থাকায় অগ্নি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমি নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় আমাদের কর্মীরা আরও দক্ষ ও সচেতন হচ্ছেন, যা যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় সহায়ক হবে।




































-20260603135648.jpg)
আপনার মতামত লিখুন :