News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আপাতত মুখ খুলবেন না আইভী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১০:৩৫ পিএম আপাতত মুখ খুলবেন না আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় আছেন নানাভাবে। জামিনে মুক্তির পর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ জানানো, আওয়ামী লীগ নেতাদের বাড়ির আশেপাশে দেখা না যাওয়া, ওসমানপন্থী সহ আওয়ামী লীগের একাংশ তার উপর ক্ষুব্ধ হওয়া সহ নানাবিধ কারনে আলোচনায় আছেন তিনি। সেই সাথে আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিবেন কি নিবেন না সেই গুঞ্জনও চলছে তিনি মুক্তি পাওয়ার আগ থেকেই।

তবে সহসাই আর মুখ খুলছেন না আইভী। একাধিক গণমাধ্যমকর্মী তার বাড়িতে গিয়ে কমেন্টস চাইলেও তিনি মুখ খুলতে নারাজ। জানাচ্ছেন প্রয়োজন হলে নিজেই কথা বলবেন প্রকাশ্যে। তবে এখন নিজ থেকে কিছু বলবেন না তিনি। রাজনীতি, কারাগারের অভিজ্ঞতা, বিদ্যমান গুঞ্জন, নির্বাচনী পরিকল্পনা কোন কিছুই এখন খোলাসা করবেন না।

সরেজমিনে দেখা গেছে, আইভীর বাড়ির সামনে বিদ্যমান সিসি ক্যামেরার বাইরেও সাদা পোশাকে পুলিশ সদস্য অবস্থান করেন। বাসায় কেউ প্রবেশ করতে এলেই তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। জানতে চান পরিচয়, জানতে চান প্রবেশের উদ্দেশ্য। এরপর প্রয়োজনবোধ হলে তাদের নাম ঠিকানা নোট করে নিয়ে যান। তবে কাউকে বাঁধা দেয়া হয়েছে এমন খবর পাওয়া যায়নি। কেবল রয়েছে বাড়তি নজরদারি।

এদিকে আইভীর পরিবারের সদস্যরা ভেবেছিলেন বাড়তি নজরদারির কারনে বাড়িতে লোকসমাগম কম হবে। কিন্তু সেই ধারনা ভুল প্রমানিত হয়েছে। বরং দিন রাত মানুষেরর ভিড় লেগেই থাকছে চুনকা কুটিরে। আইভী জানান, তার সাথে দেখা করতে আসা মানুষকে সময় দিতে গিয়ে নিজে ঠিকভাবে বিশ্রামও নিতে পারেননি কারামুক্তির পর থেকে। তবে এরপরেও তিনি মানুষের প্রত্যাশিত ভালোবাসা পেয়ে শুকরিয়া জানাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে।

স্থানীয়রা এবং পরিবারের ঘনিষ্টজনরা জানিয়েছেন, আইভী মুক্তির পর আওয়ামী লীগের বড় কোন নেতার আগমন হয়নি চুনকা কুটিরে। খবরও মেলেনি এমন কোন। বরং বাড়ির আশেপাশের মানুষ, তার শুভাকাক্সক্ষী, এবং এলাকার ব্যক্তিরাই আসছেন তার কাছে। এসে কেউ কেউ অনুরোধ করছেন ফের সিটি নির্বাচনে অংশ নিতে। জানাচ্ছেন তার প্রতি সমর্থন। কেবল একটু দেখা জন্য অপেক্ষা করছেন দীর্ঘ সময়।

খোঁজ নিয়ে জানা গেছে, আইভীর বাড়ির ভেতরে বসে কি আলাপচারিতা করেছেন সেই বিষয় গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় বেশ আশাহত হয়েছেন তিনি। বিশেষত কারাগারে মমতাজের গান প্রসঙ্গটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ায় তিনি বিব্রত হয়েছেন। ব্যক্তিগত আলাপচারিতা গণমাধ্যমে সংবাদ হবে এমনটা ভাবেননি তিনি। যেই কারনে কথা বলছেন সতর্ক হয়েই। যেই কারনে গণমাধ্যমে কথা বলার আগ্রহ থাকলেও তা কমে গেছে অনেকটাই।

আইভীর পরিবারের সদস্যদের মাধ্যমে জানা গেছে, অন্তত এক মাস পরে নিজের পরিকল্পনার বিষয়ে কথা বলবেন আইভী। তার আগ পর্যন্ত নিজের পরিকল্পনার কথা কাউকেই বলছেন না। যারা উৎসুক হয়ে যানতে চাইছেন, তাদের সবাইকেই বলে দিচ্ছেন পরে জানাবেন। সেই সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষন করছেন তিনি। প্রতিনিয়ত গণমাধ্যমের সংবাদ দেখছেন এবং খোঁজ খবর রাখছেন। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে মুখ খুলবেন সামনে।