News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার সোনারগাঁয়ে আসছেন নাহিদ হাসনাত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১০:০৭ পিএম মঙ্গলবার সোনারগাঁয়ে আসছেন নাহিদ হাসনাত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় আসছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা রাজনৈতিক দল এনসিপির পদযাত্রা। মঙ্গলবার দুপুরে সোনারগাঁয়ের মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পদযাত্রা এবং সমাবেশ করবে দলটি। ইতোমধ্যে এই পদযাত্রাকে কেন্দ্র করে প্রস্তুতি সম্পন্ন করেছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 

সূত্র বলছে, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে দলটি। দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় কর্মসূচি পালন করবে তারা। তারই অংশ হিসেবে সোনারগাঁয় সমাবেশ করবে দলটির নেতাকর্মীরা।

জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ বলেন, সোনারগাঁয়ের কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম, দলের কেন্দ্রীয় সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। 

তিনি আরও বলেন, চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রান সহায়তা বিতরণ করা হয়েছে এনসিপির পক্ষ থেকে। যেখানে নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। বন্যা কবলিত অঞ্চলের বিপর্যয়ের কারনে শিডিউল পরিবর্তন হতে পারে। তবে আমরা ১৪ তারিখকে সামনে রেখেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করছি বিপুল পরিমান নেতাকর্মীদের উপস্থিতিতে পদযাত্রা এবং সমাবেশ সফল করতে সক্ষম হবো। এদিন সমাবেশ শেষেই নেতাকর্মীরা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন।

মহানগর এনসিপির আহবায়ক শওকত আলী বলেন, গত বছর জুলাই পদযাত্রার মাধ্যমে মানুষের ব্যাপক সাড়া পেয়েছিলো নব গঠিত রাজনৈতিক দল এনসিপি। নির্বাচনের পরেও আমরা যে মানুষের জন্য রাজনীতি করে এবং মানুষের জনসমর্থনই আমাদের মূল লক্ষ্য সেই বিষয়টি মাথায় রেখে আবারও জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পদযাত্রা কর্মসূচি পালিত হবে। সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছি।

এর আগে, ২০২৫ সালে নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে হাজির হয়েছিলেন এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা। সেসময় পুরো নারায়ণগঞ্জে আলোড়ন তৈরি করেছিলো এনসিপি। চাষাঢ়ায় বিশাল সমাবেশ করে তাক লাগিয়ে দিয়েছিলেন নেতাকর্মীরা।