News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

আইভীকে উদ্দেশ্য করে সিরাজুল মামুন : কলঙ্ক কিভাবে মুছবেন?


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৮:৩৩ পিএম আইভীকে উদ্দেশ্য করে সিরাজুল মামুন : কলঙ্ক কিভাবে মুছবেন?

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ্য করে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, ফ্যাসিস্টের একজন বলেছেন; অপরাধ না করেও নাকি তিনি অপরাধী হয়েছেন। হ্যাঁ আপনার বিরুদ্ধে যদি অন্যায়ভাবে মামলা হয়ে থাকে তাহলে নিন্দা জানাই। কিন্তু আপনি খুন এবং গুমের রাজনীতির যারা ধারক তাদের সমর্থন করেছেন। তাদের দ্বারা শক্তিশালী হয়েছেন। তাদের প্রশংসা করেছেন। সেই কলঙ্ক আপনি কিভাবে মুছবেন আমি জানতে চাই।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণহত্যার বিচার অবিলম্বে কার্যকর করা এবং গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে এই গণসমাবেশের আয়োজন করা হয়।

এবিএম সিরাজুল মামুন বলেন, মুক্তি পাইলেও লাভ হবে না। চুপ থাকেন; জাতি আপনাদের প্রত্যাবর্তন দেখতে চাই না। ওই জালেমদেরকে বাংলায় ফিরতে দিবো না।

তিনি আরও বলেন, বিএনপিকে বলবো গণভোটের রায়টাকে নিয়ে টালাবাহানা করবেন না। কারণ যে নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন সেই একই দিনে একই সময়ে মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। সুতরাং গণভোটকে অস্বীকার নির্বাচনকে অস্বীকার করার শামিল।

সিরাজুল মামুন বলেন, জনগণের দীর্ঘ লড়াই-সংগ্রামের ফসল এই নতুন বাংলাদেশ। ছাত্র-জনতার রক্তে অর্জিত সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি দেশের মানুষ মেনে নেবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং দেশের শাসনব্যবস্থায় ইনসাফ ও খেলাফত প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে।

প্রসঙ্গত, গত ২৮ জুলাই নারায়ণগঞ্জ সদর থানার দায়ের করা পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছিলেন, নির্দোষ হয়েও অপরাধী। যে সবসময় নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি। আমি সর্বক্ষণ প্রতিবাদ করেছি হত্যার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আর আজকে আমিই অপরাধী। যাই হোক এটা বিচার আল্লাহ আছে; আমার নারায়ণগঞ্জবাসী আছে; তারা দেখবে।