News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

জুলাই সনদ গণভোটের গণরায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের গণমিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৯:২৩ পিএম জুলাই সনদ গণভোটের গণরায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের গণমিছিল

নারায়ণগঞ্জে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে। শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের চাষাঢ়া মিশনপাড়া মসজিদ সংলগ্ন সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ম-লপাড়া পুল এলাকায় সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “জুলাই আমাদের জাতীয় আকাক্সক্ষার প্রতীক। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশের বর্তমান পরিস্থিতি এসেছে, তাঁদের প্রতি সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ২০২৪ সালের কোটা আন্দোলনের সময় জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তিনি দাবি করেন, সে সময় নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলনে নেমেছিল। তিনি সরকারের প্রতি জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট জনগণের প্রত্যাশা বাস্তবায়ন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক বৈষম্য দূর করে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সব নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দল-মতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাকির হোসাইন সহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।