News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে লুটপাট আটক ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৯:৪৮ পিএম রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে লুটপাট আটক ১

রূপগঞ্জে ঐতিহ্যবাহী নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ নিয়ে যায় বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে সজিব ওরফে সইজ্জা নামে ব্যক্তিকে আটক করেছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, এর আগেও প্রতিষ্ঠানটিতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই বিদ্যালয়ের ফ্যান, আসবাবপত্র ও দাপ্তরিক কাগজপত্র চুরি হয়েছে।

একই প্রতিষ্ঠানে বারবার এ ধরনের ঘটনা ঘটায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার প্রতিবাদে শনিবার সকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা জড়ো হয়ে নগরপাড়া-চনপাড়া সড়কের নগরপাড়া বাজার এলাকায় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে।

তারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শুধু একজনকে আটক করলেই হবে না, ঘটনার পেছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের ধরতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ চলছে।