News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ আগস্ট, ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

এনসিপি নেতারা ব্যবসায়ীদের কাছ থেকে উপঢৌকন নিচ্ছে : টিপু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৯:৩১ পিএম এনসিপি নেতারা ব্যবসায়ীদের কাছ থেকে উপঢৌকন নিচ্ছে : টিপু

নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির অন্যান্য নেতাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

তিনি প্রশ্ন রেখেছেন নাসির উদ্দিন পাটোয়ারির বাপের নাম কেউ জানেন কিনা? সিলেটের মানুষ এনসিপির নেতাদের বেয়াদবির কারণে তাদেরকে আদর করেছে, বিএনপি জবাব দিলে তাদেরকে খুঁজেই পাওয়া যাবেনা।

শনিবার ১ আগস্ট বিকেল ৪টায় শহরের মিশনপাড়া এলাকায় হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এমন মন্তব্য করেছেন।

টিপু বলেছেন, আপনারা কি বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের বাবা, মা, ভাইয়ের নাম জানেন? তার বাবা মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আর তারেক রহমান নিজেও এখন প্রধানমন্ত্রী। আর পাটোয়ারি কে? তার বাবার নাম কি আপনারা কেউ বলতে পারবেন? যারা তারেক রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য এবং কটূক্তি করেন তাদের জিহবাটা আমাদের দেখা প্রয়োজন। তাদের জন্য আমাদের শ্রমিকদল কৃষকদলই যথেষ্টই।

পাটোয়ারীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনি যে পাকনা পাকনা কথা বলেন এসব বক্তব্যে প্রতিবাদ করাও আমাদের বিএনপির নেতাদের রুচিতে আসেনা। আপনি বেয়াদবি করে দেখতে চাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা আপনাকে আঘাত করে কিনা। আপনাকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা আঘাত করে নাই। দেশের জনগণ সিলেটে আপনাদের একটি আদর করেছে। এতেই আপনিই ভয় পেয়ে বলেছেন আপনি আর কিছু বলবেন না। কেন বলবেন না আরো বেশি করে বলেন। দেশের মানুষ যখন দাঁতভাঙা জবাব দিতে শুরু করবে তখন শেখ হাসিনাতো হেলিকপ্টারে পালিয়েছে আপনি নৌকা দিয়েও পালাতে পারবেন না। জিয়া পরিবারকে নিয়ে সাবধানে কথা বলবেন। ইতিহাস জানবেন তারা দেশের জন্য কি করেছেন আর আপনি কি করছেন? আপনি এবং এনসিপি দেশের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে উপঢৌকন নিচ্ছেন, চাঁদাবাজি করছেন আর উপর দিয়ে সদা সত্য বাক্য বলার নাটক করছেন। এসব নাটক ছেড়ে দেন। তারেক রহমান যদি আপনাকে ধরার নির্দেশ দেন তাকে আপনাকে খুঁজেই পাওয়া যাবেনা। জুলাই আন্দোলন এনসিপি একা করে নাই। জুলাই আন্দোলনে এনসিপির কতজন মারা গেছে আর বিএনপি ছাত্রদল, সাধারণ মানুষ কতজন মারা গেছে সেটা হিসেব করলেই বেরিয়ে আসবে। আপনাদের ৬জন নেতা যখন হারুনের ভাতের হোটেলে খাবার খেয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করেছিলো তখন আমাদের নেতা তারেক রহমান হুঙ্কার দিয়ে আন্দোলন চালিয়ে নিয়েছে এবং উনার ঘোষণা ছিল এই সরকারের পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেনা। বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনার পতন ঘটিয়েই ঘরে ফিরেছে। নাসির উদ্দিন পাটোয়ারি, সারজিস, হাসনাত আপনাদের বলতে চাই বড় বড় কথা বলবেন না।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাসুদ রানা, আওলাদ হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।