মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে বেসরকারি অন্যতম বৃহৎ বৃত্তি প্রকল্প জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জের ২০২৬ সেশনের বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের মিশনপাড়া এলাকার কার্যালয়ে এই উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বৃত্তি প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি বৃত্তি, ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা অর্জনের সুযোগ পেয়ে থাকে।
গত বছরের বৃত্তি পরীক্ষায় ৫ হাজার ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৩৬৩ জন মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি অর্জন করে। এবছর আরও ব্যাপক পরিসরে বৃত্তি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ফাউন্ডেশন প্রস্তুতি গ্রহণ করেছে।
ফাউন্ডেশন সূত্রে জানানো হয়, ২০২৬ সেশনের বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১৫ অক্টোবর। আর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর শুক্রবার। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই সকল শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জের পরিচালক অমিত হাসান, সদস্য সচিব আমজাদ হোসাইন রাজু, নির্বাহী পরিচালক রিফাত ইসলাম, সাবেক নির্বাহী পরিচালক রায়হান বিন রফিক ও আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল নোমান, ওবায়দুর রহমান ও সাইফুল ইসলাম, সদস্য মো. হাবিবুল্লাহ, রায়হান জামিল, ফয়সাল মুত্তাকি ও নাজমুস সাকিব সহ ফাউন্ডেশনের অন্যান্য নির্বাহী সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর মেধার যথাযথ মূল্যায়নই একটি সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম ভিত্তি। জিনিয়াস ফাউন্ডেশন সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি এবারের বৃত্তি পরীক্ষায় আগের বছরের তুলনায় আরও বেশি সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করবে এবং এ উদ্যোগ নারায়ণগঞ্জের শিক্ষা অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে।







































আপনার মতামত লিখুন :