নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারী বললেন আপনার গায়ে আঘাত লেগেছে আপনি এটা পার্সোনালি নিয়েছেন। আমাদের নেতা বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বিএনপি নেতাকর্মীরাও আপনার মন্তব্যকে পার্সোনালি নিয়েছে। ইট মারলে পাটকেল খাবেন। পাঁচ আগষ্টের পর থেকে কিছু অর্বাচীন নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সকলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রাজনীতিতে মতভেদ, মতপার্থক্য থাকবে। তবে রাজনীতিতে শিষ্টাচার বলতে একটি বিষয় আছে।
সোমবার (৩ আগষ্ট) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে একথা বলেন তিনি।
আশা আরও বলেন, আমরা গত সতেরো বছর শিষ্টাচার বহির্ভূত বক্তব্য শুনেছি। যার কারণে বাংলাদেশের আপামত জনগণ ফ্যাসিস্টদের বিদায় করেছে। আজ কেউ কেউ কুরুচিপূর্ণ বক্তব্য দেয়াকে শিল্পে পরিণত করতে চাচ্ছে।
তিনি আরো বলেন, আপনারা বলেন আপনারা মন্তব্য করলে মন্তব্যের মাধ্যমে যেন প্রতিহত করা হয়। সবাই তো আপনাদের মত পারিবারিক শিক্ষা পায়নি, বাজে ভাষায় কথা বলতে জানে না। কারও মুখ চলে কারও হাত চলে। আপনারা ফেসবুকে রাজনীতিকে নিয়ে চলে গেছেন। আমার অনেক ছোটভাই এনসিপি করে। আমি তাদের সাফল্য কামনা করি। কিন্তু এই ক্যারেক্টার নিয়ে কী সাফল্য তার উত্তর জাতি দিবে।
আশা বলেন, ওরা বলে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে আপনাদের গাত্রদাহ হয়। আমি বলবো সমকামীতার বিরুদ্ধে কথা বললে আপনাদের ও আপনাদের জোটের নেতাদের গাত্রদাহ হয়। একটি দল একাত্তরকে কুক্ষিগত করতে চেয়েছিল। আপনারা চব্বিশকে কুক্ষিগত করতে চেয়েছে। চব্বিশ কারও বাবার না। এটাকে পুঁজি করে খাওয়ার চিন্তা বাদ দেন।



































আপনার মতামত লিখুন :