News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

ফজলুল হকের অভিজ্ঞ নেতৃত্বে এফবিসিসিআই নতুন উচ্চতায় পৌঁছাবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৮:৫০ পিএম ফজলুল হকের অভিজ্ঞ নেতৃত্বে এফবিসিসিআই নতুন উচ্চতায় পৌঁছাবে

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিকেএমইএ সভাপতি মো. ফজলুল হক। এ উপলক্ষে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের তৈরি পোশাক শিল্প ও রপ্তানি খাতের বিকাশে মো. ফজলুল হকের অবদান অত্যন্ত প্রশংসনীয়। পোশাক ও রপ্তানি খাতে দীর্ঘদিনের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং ব্যবসা-বাণিজ্য সম্পর্কে গভীর অভিজ্ঞতার কারণে তিনি দেশের ব্যবসায়ী সমাজের একজন আস্থাভাজন ব্যক্তিত্ব। বিকেএমইএ-এর সভাপতি হিসেবে দক্ষ ব্যবস্থাপনা ও ব্যবসাবান্ধব বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি শিল্প উদ্যোক্তাদের আস্থা অর্জনের পাশাপাশি খাতটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মোরশেদ সারোয়ার সোহেল আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় দেশের ব্যবসা ও শিল্প খাতকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এমন সময়ে ফজলুল হকের মতো অভিজ্ঞ ও বিচক্ষণ নেতৃত্ব ব্যবসায়ী সমাজের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন। তাঁর নেতৃত্বে সরকার ও ব্যবসায়ী সমাজের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। পাশাপাশি বিনিয়োগ, শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এফবিসিসিআই আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় মোরশেদ সারোয়ার সোহেল মো. ফজলুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ুু এবং এফবিসিসিআই-এর প্রশাসক হিসেবে তাঁর সফল দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানান।